প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উৎপাদনমুখী শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার খাত সংশ্লিষ্টদের কাছ থেকে সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতা চেয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘১০ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শ্রমিকদের প্রকৃত মজুরি ও কল্যাণের প্রসঙ্গ তুলে ধরে নজরুল ইসলাম খান মন্তব্য করেন, ‘আমরা যে টাকা বেতন পাই, এই টাকা দিয়ে কী কিনতে পারি এবং কোথায় খরচ করি, তার ওপর নির্ভর করে এই টাকার মূল্য কত। শ্রমিকদের যদি চিকিৎসার ব্যবস্থা হয়, তার সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয় এবং সে যদি ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পায়, তাহলে তার প্রকৃত মজুরি বাড়ে। এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনের শ্রমিক আন্দোলন কার্যকর হবে।’
দেশের উন্নয়ন ও ষড়যন্ত্রের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশটা আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি। এখানে সব মানুষের কল্যাণ সাধনের দায়িত্ব সরকারের, দেশের উন্নয়নও সরকারের দায়িত্ব। এই কাজগুলো করার ব্যাপারে সহযোগিতা করতে হবে। প্রতিনিয়ত সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আমরা দেখছি। এমনকি পাশের দেশের একটি রাজ্যের মন্ত্রী বাংলাদেশকে দখলের কথা বলার মতো দুঃসাহস দেখাচ্ছে। কারণ এমন এক শক্তি তাদের হাতিয়ার হিসেবে কাজ করছে, যারা কখনও বাংলাদেশকে ভালোবাসে না। তারা ক্ষমতায় না থাকলেই বাংলাদেশ তাদের দেশ না; বাংলাদেশের যা হোক, তাতে তাদের কিছু আসে যায় না।’
তিনি আরও যোগ করেন, ‘চব্বিশের ছাত্র-শ্রমিক গণ অভ্যুত্থানে তারা পালিয়ে গেছে। তাদের ফিরে আসার পথ নেই। নেই এই কারণে যে তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত ও ধিকৃত। কাজেই তারা এ দেশের মানুষের কল্যাণ চায় না, এ দেশের মানুষও তাদের বিশ্বাস করে না। এ রকম একটি পরিস্থিতিতে আমাদের কাজ করতে হবে দেশ ও দেশের মানুষের কল্যাণ সামনে রেখে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘আমি বিশ্বাস করি জনগণের নির্বাচিত সরকার এবং এ দেশের শ্রমজীবী মানুষের আস্থার জায়গা জাতীয়তাবাদী শ্রমিক দল মিলে এই কাজটি করতে পারবে। আমি আপনাদের সহযোগিতা চাই, বরাবর আপনারা সহযোগিতা করেছেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে জীবন ও সম্পদের সুরক্ষায় প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সচেতনভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
অগ্নিনির্বাপক যন্ত্রপাতি, সিস্টেম ও হালনাগাদ তথ্য নিয়ে আয়োজিত এবারের মেলায় ৩০টি দেশের ১২০টি প্রতিষ্ঠান তাদের অগ্নিনির্বাপক প্রযুক্তি তুলে ধরছে।
এসময় বিকেএমইএর সভাপতি জানান, ফায়ার সেফটি নিশ্চিত না হলে কোনো পোশাক কারখানাকে সংগঠনটির সদস্যপদ দেয়া হয় না। বিকেএমইএর সদস্য হতে অবশ্যই পোশাক কারখানাকে শতভাগ ফায়ার সেফটি নিশ্চিত করতে হবে। তবে সনদ নেয়ার ক্ষেত্রে অযৌক্তিক বিড়ম্বনা দূর করার দাবি জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন