প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা জেলার আশুলিয়া থানার এনায়েতপুর দক্ষিণপাড়া এলাকায় তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসুঁ (৪০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। প্রায় পাঁচ বছর পর, দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে জড়িত আসামি মো. শাওন আহম্মেদ সুজন (২৮)-কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় সাংবাদিকদের কাছে এ তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ, পিপিএম-সেবা। এর আগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ১৫/১১/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআই ঢাকা জেলার একটি চৌকস দল দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে শাওন আহম্মেদ সুজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তিতে পিবিআই ঢাকা জেলার কার্যালয়ের ঠিকানা হিসেবে বাড়ি নং- ৩৫, রোড নং-১৪ , সেক্টর নং-১২, উত্তরা, ঢাকা উল্লেখ করা হয়েছে।
পিবিআইয়ের তদন্ত ও আসামির জবানবন্দিতে উঠে আসা তথ্য অনুযায়ী, নিহত বাদল মিয়া ওরফে জোসুঁ তৃতীয় লিঙ্গের পরিচয়ে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড ও আশপাশের নিরিবিলি এলাকায় চলাফেরা করতেন। সেই সূত্রে মোর্শেদ (৩৪) নামের অপর এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বাদল মাঝে মাঝে পুরুষ সঙ্গীদের নিয়ে মোর্শেদের ভাড়া বাসায় যাতায়াত করতেন।
অন্যদিকে, আসামি সুজন ধামরাই এলাকার একটি টেক্সটাইল কোম্পানির ড্রাইভার হিসেবে কর্মরত থাকাকালে মোবাইলের মাধ্যমে ভিকটিম বাদলের সঙ্গে পরিচিত হন এবং ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে এক তরুণীকে নিয়ে যৌন সম্পর্কের বিষয়ে কথা হলে বাদল সম্মতি জানিয়ে সুজনকে নিজের বাসায় আমন্ত্রণ জানান।
ঘটনার দিন গত ২৪/১০/২০২১ খ্রিঃ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সুজন আশুলিয়ার এনায়েতপুর দক্ষিণ পাড়ায় আবু বক্কর সিদ্দিকের সেমি পাকা টিনশেড বাড়িতে মোর্শেদের ভাড়াকৃত ওই কক্ষে যান। সেখানে পৌঁছানোর পর কাঙ্ক্ষিত তরুণীকে না পেয়ে কারণ জানতে চাইলে বাদল নিজেই সুজনকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন। সুজন সে প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাদল জোরপূর্বক তার শার্টের পকেট থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেন এবং যৌন সম্পর্ক স্থাপন কিংবা বাসা থেকে আরও ৫ হাজার টাকা এনে দেওয়ার হুমকি দেন।
এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে সুজন বাদলের ঘাড়ের বাঁ পাশে ঘুষি মারলে তিনি খাটের ওপর পড়ে যান এবং হাঁপাতে থাকেন। ওই অবস্থায় সুজন বাদলের গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন এবং মুখে বালিশ চাপা দিয়ে ধরে রেখে মৃত্যু নিশ্চিত করেন। পরে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যান।
সংঘটিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা মো. সিদ্দিকুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ২৫/১০/২০২১ খ্রিঃ তারিখে আশুলিয়া থানায় মামলা নং-৬০ (ধারা-৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন। আশুলিয়া থানা পুলিশ প্রায় ছয় মাস তদন্তের পর পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটি সিআইডিতে স্থানান্তর হয়। সিআইডি প্রায় এক বছর আট মাস তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে মামলাটির অধিকতর তদন্তের জন্য পিবিআই ঢাকা জেলাকে নির্দেশ দেন। বর্তমানে পিবি আই ঢাকা জেলার এসআই (নিঃ) ফরহাদ মোল্লা মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
পিবিআই অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, বিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ, পিপিএম-সেবা-এর তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুলিশ সুপার এম, এন, মোর্শেদ জানান, অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন