প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারে কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি উল্লেখ করেন, কক্সবাজারে কোনো কিশোর গ্যাং থাকতে দেওয়া হবে না। সন্ধ্যার পর স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের রাস্তায় দেখা গেলে তাদের উপযুক্ত কারণ দেখাতে হবে।
যদি সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হন, তাহলে তাদের গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবকদের কাছ থেকেও জবাবদিহি চাওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) কক্সবাজারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি আরও বলেন, কিশোরদের অপরাধপ্রবণতা রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। অভিভাবকদের সন্তানের কোথায় যাওয়া, কার সঙ্গে মিশছে এবং সন্ধ্যার পর কেন বাইরে রয়েছে, সে সম্পর্কে খোঁজখবর রাখতে হবে। কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার আগেই তাদের নিয়ন্ত্রণে আনা এবং সঠিক পথে পরিচালনা করা প্রয়োজন।
তিনি আরো উল্লেখ করেন, কিশোর গ্যাংয়ের নামে কোনো ধরনের অপরাধ, বিশৃঙ্খলা বা জননিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ড সহ্য করা হবে না। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
নারী ও শিশুর প্রতি সহিংসতা, কিশোর অপরাধ, মাদকাসক্তি এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একা এসব অপরাধ নির্মূল করতে পারবে না। এই ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
সমাবেশে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন