প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনাকে রাষ্ট্রের চরম ব্যর্থতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে জামায়াতের এই শীর্ষ নেতা লিখেছেন, থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো রাষ্ট্রের চরম ব্যর্থতার আরেকটি প্রমাণ।
বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, গোপালগঞ্জের মানুষ আজ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার কোনো দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না। কথার সঙ্গে কাজের এই বিরাট ব্যবধান সরকারের প্রতি জনগণের আস্থাকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টের শেষ অংশে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্টের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, "এই চরম উদ্বেগজনক পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ গ্রহণ এবং প্রকৃত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনা অপরিহার্য।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন