প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর বাজারে পুলিশের আয়োজিত একটি মাদকবিরোধী মতবিনিময় সভায় জুলাই-আগস্টের ছাত্র হত্যা মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে কুতুবপুর বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, সভায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজাহার হাওলাদার উপস্থিত ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি গাড়ি পোড়ানো ও জুলাই-আগস্টের ছাত্র হত্যা মামলার একজন আসামি এবং এ মামলায় পূর্বে কারাভোগও করেছেন। এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামাদ মাদবরসহ আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকেও সভায় দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।
সভায় শিবচর থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাকিবুল হাসান, উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুর রহমান, ফরহাদ লস্করসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, ছাত্র হত্যা মামলার আসামিদের উপস্থিতিতে পুলিশের কোনো সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হওয়া অত্যন্ত দুঃখজনক এবং এতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা বলেন, এমন ব্যক্তিদের উপস্থিতি সভার উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আরও সতর্ক থাকার আহ্বান জানান।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “এটি ছিল একটি মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান। আমাদের তদন্ত কর্মকর্তা সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। সভায় জুলাই হত্যাকাণ্ডের কোনো মামলার আসামি উপস্থিত ছিলেন—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং ব্যক্তিগতভাবে তাদের চিনতেনও না।”
তবে স্থানীয়দের দাবি, সভায় অংশগ্রহণকারীদের পরিচয় সম্পর্কে আরও সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। তাদের মতে, আলোচিত মামলার আসামিদের উপস্থিতি এ ধরনের সরকারি উদ্যোগের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে।
শাওন বল
মাদারীপুর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন