প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যার পানির প্রবাহের কারণে রাস্তার ওপর নির্মিত একটি কালভার্টের একটি অংশ ভেঙে যাওয়ায় ছয় গ্রামের মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। ছয় মাসেরও বেশি সময় ধরে কালভার্টটি মেরামতের জন্য কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, ফলে পথচারীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
জানা গেছে, শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের কাজির চর গ্রামের সড়কের ওপর অবস্থিত কালভার্টটির একটি অংশ বন্যার প্রবল স্রোতে ভেঙে পাশের পুকুরে ধসে পড়ে। এর ফলে কালভার্টটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভাঙনের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় পুরো কালভার্টটি যেকোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, হেরুয়া বালুরঘাট, হেরুয়া তালুকপাড়া, পাঁচব্রিজ, কাজির চরসহ আশপাশের ছয় গ্রামের প্রায় আট থেকে দশ হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলের পাশাপাশি কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হেরুয়া বালুরঘাট এলাকার বাসিন্দা দুদু মিয়া জানান, অটোরিকশায় করে কালভার্ট পার হওয়ার সময় সব সময় আতঙ্কে থাকতে হয়। তিনি বলেন, "মনে হয়, এই বুঝি কালভার্টটি ভেঙে পড়ল।" দ্রুত মেরামত না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি সতর্ক করেন।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কাজির চর’-এর সভাপতি আব্দুল আজিজ এবং হালগড়া গ্রামের রাফিদুল হক ও শাহিন মিয়া বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছেন। তারা জানান, কালভার্টের বেহাল অবস্থার কারণে কৃষকরা উৎপাদিত পণ্য পরিবহনে সমস্যায় পড়ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানান তাঁরা।
খড়িয়া কাজির চর বিএম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মাহফুজুর রহমান আঙুর বলেন, এই সড়ক দিয়ে লংগড়পাড়া, পাঁচব্রিজ মোড়, যোগিনীমুড়া, আখের মামুদ বাজারসহ শেরপুর শহরে যাতায়াত করা হয়। দীর্ঘদিন ধরে কালভার্টটি ভাঙা অবস্থায় পড়ে থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে। বিষয়টি উপজেলা প্রকৌশল বিভাগ এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, প্রতিদিন শতাধিক অটোরিকশা, ভটভটি, সাইকেল ও মোটরসাইকেল এ কালভার্ট দিয়ে চলাচল করে। ভাঙন বাড়তে থাকায় যানবাহন চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ধান, সারসহ প্রয়োজনীয় কৃষিপণ্য পরিবহনে কৃষক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তি এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা এলজিইডির প্রকৌশলী মশিউর রহমান দৈনিক ইনকিলাবকে জানান, কালভার্টটি দ্রুততম সময়ের মধ্যে মেরামত করা হবে। তিনি বলেন, "এ-সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ ও সম্ভাব্য প্রাণহানি এড়াতে আশ্বাসের বাস্তবায়ন করে দ্রুত কালভার্টটি সংস্কারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন