প্রিন্ট এর তারিখঃ ২২শে অক্টোবর, ২০২৬ইং; ০৪:৫০ এম || প্রকাশের তারিখঃ ৭ই জুন, ২০২৬ইং; ০৫:৪৮ পি.এম
বানারীপাড়ার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা গ্রেপ্তার
বরিশালের বানারীপাড়া পৌরসভার হ্যাটট্রিক বিজয়ী সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা বিস্ফোরক ও ঘরপোড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশালের আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশালে পাঠানো হয়েছে।
এদিকে বানারীপাড়া পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিক গোলাম সালেহ্ মঞ্জু মোল্লার গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রায় ৮০ বছর বয়সী এই সাবেক মেয়রকে গভীর রাতে গ্রেপ্তার করে হয়রানিমূলক মামলায় আসামি করার ঘটনায় দলমত নির্বিশেষে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। অনেকেই তার দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"