প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চেঙ্গাকান্দি পাড়া মসজিদঘাট এলাকার মেঘনা নদী থেকে একটি কুমির লোকালয়ে চলে আসার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত সাত দিনে অন্তত চারবার কুমিরটিকে নদীর তীর এবং জনবসতির কাছাকাছি দেখা গেছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত বুধবার প্রথম কুমিরটিকে মাছ ধরার সময় দেখতে পান জেলেরা। এরপর শুক্রবার এবং সর্বশেষ সোমবার বিকেলে একই এলাকায় কুমিরটিকে রোদ পোহাতে দেখা যায়। সোমবার যখন এটি লোকালয়ের আরও কাছে চলে আসে, তখন স্থানীয়দের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পায়।
স্থানীয় বাসিন্দা রহমত আলী বলেন, "ঘাটের পাশে বাঁশঝাড়ের নিচে কুমিরটিকে শুয়ে থাকতে দেখেছি। আকার অনেক বড় হওয়ায় কেউ কাছে যাওয়ার সাহস পাইনি।"
এই ঘটনার পর স্থানীয়রা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নদীতে নামা, সাঁতার কাটা এবং মাছ ধরা থেকে বিরত থাকার ব্যবস্থা গ্রহণ করেছেন। অনেকেই নদীর তীরে পাহারা দিচ্ছেন যেন কেউ ঝুঁকিপূর্ণ এলাকায় না যায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, নদীতে পলি জমে নাব্যতা কমে যাওয়া, অপরিকল্পিত বালু উত্তোলন, পরিবেশ দূষণ এবং আবাসস্থলের পরিবর্তনের কারণে কুমিরটি খাবারের সন্ধানে বা দিকভ্রান্ত হয়ে লোকালয়ের কাছে চলে এসে থাকতে পারে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বন বিভাগ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ইউনিটকে ইতোমধ্যে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত সবাইকে নদীর তীর থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, মেঘনা নদীর পরিবেশ রক্ষা, অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণ এবং দ্রুত কুমিরটি উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন