প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের আলফাডাঙ্গায় বুড়াইচ ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন আবেদনকারী আহমেদ সিকদার এবং নবনিযুক্ত ডিলার মো. এনামুল ইসলাম। নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন আহমেদ সিকদার। অন্যদিকে, এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছেন নবনিযুক্ত ডিলার এনামুল ইসলাম। তিনি ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে মানহানির মামলা করার প্রস্তুতির কথাও জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার শৈলমারী বাজারে নিজ প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুল ইসলাম বলেন, সরকারি নীতিমালা ও নির্ধারিত যোগ্যতা পূরণ করেই তাঁর প্রতিষ্ঠান মেসার্স এনামুল এন্টারপ্রাইজ সার ডিলারশিপ পেয়েছে।
তিনি বলেন, সম্প্রতি বুড়াইচ ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে আহমেদ সিকদার তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রকৃত ঘটনা আড়াল করে তাঁর সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে এনামুল ইসলাম বলেন, তাঁকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। অথচ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর দাবি, আহমেদ সিকদার নিজেও সার ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন। তবে ডিলারশিপ না পাওয়ায় প্রতিহিংসাপরায়ণ হয়ে তিনি এসব অভিযোগ করছেন।
ব্যবসায়িক যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর সব শর্ত পূরণ করেই তিনি আবেদন করেন। তাঁর প্রতিষ্ঠান মেসার্স এনামুল এন্টারপ্রাইজের নামে স্থানীয় কৃষি অফিস ও ঢাকার খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সার ও কীটনাশক ব্যবসার অভিজ্ঞতার একাধিক সনদ রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সামনে এসব সনদ প্রদর্শন করেন।
ঘুষ দিয়ে ডিলারশিপ নেওয়ার অভিযোগ অস্বীকার করে এনামুল ইসলাম বলেন, উপজেলা ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির মাধ্যমে সরেজমিন তদন্ত, নিজস্ব গুদামঘর, আর্থিক সক্ষমতা এবং ব্যবসায়িক অভিজ্ঞতার সনদ যাচাই-বাছাইয়ের পর তাঁকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পাওয়ায় এখানে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, একজন আবেদনকারী হিসেবে ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়ে সরকারি নিয়োগপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার বন্ধ না হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
অন্যদিকে, গত ১৪ নভেম্বর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও শিকদার ট্রেডার্সের স্বত্বাধিকারী আহমেদ সিকদার।
তিনি বলেন, সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র ও নিজস্ব গুদামসহ ডিলার নিয়োগের সব শর্ত পূরণ করে তিনি আবেদন করেছিলেন। উপজেলা কৃষি অফিসের প্রস্তুত করা তালিকায় তাঁর নাম প্রথমে থাকলেও শেষ পর্যন্ত তাঁকে ডিলার নিয়োগ দেওয়া হয়নি। তাঁর পরিবর্তে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত একজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নিয়োগপ্রাপ্ত ডিলারের গুদাম ও সার পরিবহনের সুবিধা নিয়েও প্রশ্ন তোলেন আহমেদ সিকদার। এ ঘটনায় রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান দাবি করেন তিনি।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, উপজেলা কমিটি যাচাই-বাছাই করে প্রতিটি ইউনিয়ন থেকে যোগ্য তিনজন আবেদনকারীর নাম জেলা কমিটির কাছে পাঠায়। জেলা কমিটি আরও যাচাই-বাছাই করে তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠায়। সার ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন