প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসে দুটি গণপরিবহনের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে দুই চালক নিহত হয়েছেন। এবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী, এই দুর্ঘটনায় আরো নয়জন আহত হয়েছেন। সোমবার সকালে ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একটি তৃতীয় যানবাহনও বাসগুলির মধ্যে একটি বাসকে ধাক্কা দেয়।
কলম্বাস পুলিশের তথ্য অনুসারে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে শহরের উত্তর অংশে সেন্ট্রাল ওহাইও ট্রানজিট অথরিটির (কোটা) দুটি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় তৃতীয় একটি যানবাহন বাসের পেছনে অথবা পাশে ধাক্কা দেয়। কলম্বাস পুলিশের সার্জেন্ট জোসেফ অ্যালবার্ট জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি বাস সড়কের মাঝের দুটি হলুদ দাগ পার হয়ে বিপরীত দিকের লেনে চলে যায়। এরপর বাসটির সঙ্গে অন্য বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
তিনি আরও জানান, একটি বাসের চালক ঘটনাস্থলেই মারা যান। অন্য বাসের চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরে সেখানে তার মৃত্যু ঘটে। কোটা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হয়েছে।
অ্যালবার্ট আরো জানান, আহত নয়জনের মধ্যে দুই বাসের যাত্রী এবং তৃতীয় যানবাহনের যাত্রীরা অন্তর্ভুক্ত। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল, এবং কারও আঘাত প্রাণঘাতী নয়। এ ঘটনায় কোনো পথচারী আহত হননি। কলম্বাস সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট শ্যানন হার্ডিন এবং কাউন্সিলের সদস্য লুর্দেস বারোসো দে পাদিয়া এ দুর্ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। লুর্দেস জনসেবা ও পরিবহনবিষয়ক কমিটির প্রধান।
এক বিবৃতিতে তারা জানান, সোমবারের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি তারা গভীর সমবেদনা জানাচ্ছেন। বিশেষ করে নিহত দুই চালকের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তারা। বিবৃতিতে আরো বলা হয়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করার পাশাপাশি নিহত ব্যক্তিদেরও মনে রাখতে হবে। ছুটির মৌসুম শুরুর এই সময়ে তাদের পরিবারকে প্রিয়জন হারানোর শোক নিয়ে দিন কাটাতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন