প্রিন্ট এর তারিখঃ ২৭শে নভেম্বর, ২০২৬ইং; ০৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ২৭শে নভেম্বর, ২০২৬ইং; ০৭:৪৯ পি.এম
নড়াইলে ধানকাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলার ছায়মানারচর বিলে ধানকাটা শ্রমিক ফরহাদ মোল্যাকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছায়মানারচর গ্রামে হাসান মৌলভী ও দাউদ মোল্যার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এই জমি হাসান মৌলভীর দখলে থাকায় তিনি আমন ধান রোপন করেন। শুক্রবার সকালে হাসান মৌলভীর পরিবারের লোকজন কয়েকজন শ্রমিক নিয়ে ধান কাটতে যান।
বিষয়টি টের পেয়ে প্রতিপক্ষ দাউদ মোল্যার লোকজন ধান কাটতে বাধা দেন এবং শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় শ্রমিকরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দাউদ মোল্লার লোকজন ধানকাটা শ্রমিক ফরহাদ মোল্যাকে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতলে আনার আগেই তিনি মারা যান।
নিহতের স্ত্রী আলিছা বেগম বলেন, সংসারে অভাব অনটনের মধ্যে কিছু টাকা-পয়সার জন্য আমার স্বামী পরের জমিতে শ্রম দিতে গিয়েছিল। তাকে লাশ হয়ে ফিরতে হলো। আমার একটা ছেলে ও একটা মেয়ে। ছেলেটা ঢাকায় থাকে। মেয়েটা ছোট। এখন আমাদের সংসার কিভাবে চলবে ?
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিরোধপুর্ণ জমির ধানকাটা নিয়ে শ্রমিক ফরহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। #
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"