প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আড়াইহাজার উপজেলার দিঘির পাড়। সফরআলী সরকারি কলেজের পাশে অবস্থিত আবাসিক এলাকা। এখানে সারি সারি ভবন রয়েছে। গলির ভেতরে ঢুকলেই কর্ণারে দেখা যায় বেশ কয়েকটি অট্টালিকা। একটি ভবনের তৃতীয় তলায় ঝুলছে ‘ইনফরমেশন টেকনিক্যাল ভিশন সোসাইটি (আইটিভিএস)’ সাইনবোর্ড। নিচতলায় রয়েছে ‘জাতীয় মহিলা সংস্থা’র সাইনবোর্ড। এসব ভবন ভাড়া দেওয়া হয়েছে।
‘ভবনগুলো কার?’ এই প্রশ্ন করলে যে কেউ সহজেই জানিয়ে দেয়, এগুলো মজিবরের বাড়ি। তবে নিছক ‘মজিবরের বাড়ি’ বললে পাড়া-প্রতিবেশীরা বিভ্রান্ত হয়ে পড়েন। সহজে চেনার জন্য একটি বিশেষণ রয়েছে তার, সেটি হচ্ছে ‘মাইগ্যা’। ‘মাইগ্যা মজিব’ বললে মানুষ দ্রুত চেনে। একসময় মেয়েদের মতোই ছিলো তার হাঁটা-চলা, লাইফস্টাইল। স্থানীয় বিত্তশালীরা তাকে দিয়ে ফুট-ফরমায়েশ খাটাতো। সেই মজিবরের হাতে এখন ‘আলাদীনের চেরাগ’। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ-১ আসন) এর আ’লীগ নেতা গাজী গোলাম দস্তগীর তার হাতে তুলে দেন এই চেরাগ। মাত্র এক দশকের মধ্যে দরিদ্র পরিবারের ‘মাইগ্যা মজিব’ হয়ে ওঠেন ‘মজিবর সাহেব’। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ, কাচপুর সার্কেলস্থ সাদীপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা বা ‘নায়েব’। এর আগে তিনি রূপগঞ্জ ভূমি অফিসে কর্মরত ছিলেন। তার মূল কাজ ছিল আওয়ামী এমপি গাজী গোলাম দস্তগীরের জবরদখলকৃত সম্পত্তি ও গ্রাসকৃত সরকারি সম্পত্তির বৈধতা দেওয়া। শিল্পএলাকা হওয়ায় রূপগঞ্জের এক শতক জমি যেন হীরার টুকরো। সে হিসেবে সেখানে মজিবরের ‘রেট’ও অনেক বেশি। মূলত: রূপগঞ্জে দায়িত্ব পালনকালেই তিনি নামে-বেনামে গড়ে তোলেন শত কোটি টাকার সম্পদ। গাড়ি-বাড়ি, ফ্ল্যাট ও প্লটের মালিক হয়েছেন।
কিন্তু ভূমি অফিসে আসা ভুক্তভোগীদের জন্য এসবের মধ্যে কোনো আপত্তি নেই। কষ্ট হচ্ছে, নিষ্কটক এক শতাংশ জমির নামজারি করতে এসে সার্ভে রিপোর্টে তিনি যখন লিখে দেন-‘আবেদনকারীর জমির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি!’ কিংবা ‘জমিটিতে ওয়ারিশ দাবিদার রয়েছে!’ তখন ভুক্তভোগীদের মাথায় বাজ পড়ে। মজিবর এ ধরনের প্রতিবেদন এসি (ল্যান্ড) অফিসে পাঠান কোনো ধরনের নজরানা না দিলেই। ঘুষ না দেওয়া পর্যন্ত সাধারণ একটি নামজারিতে অকারণ হয়রানি, দুর্ব্যবহারসহ সৃষ্টি করেন কৃত্রিম জটিলতা। ফলে তার হয়রানি, জালিয়াতি আর দুর্নীতিতে অতিষ্ঠ স্থানীয় ভুক্তভোগীদের দুর্ভোগের অন্ত থাকে না।
একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, জমির নাম জারি ও খাজনা পরিশোধসহ ভূমি সংক্রান্ত কোনো প্রয়োজনে তার কাছে গেলে টাকা ছাড়া মজিবরের কাছ থেকে কোনো সেবা পাওয়া যায় না। টাকা না দিয়ে তার সঙ্গে কথা বললে দুর্ব্যবহার করেন। অনলাইনে নামজারির আবেদন করা হলেও মেলে না প্রতিকার। আবেদন দীর্ঘদিন ‘পেন্ডিং’ থাকার কারণে ভুক্তভোগীদের সশরীরে তার সামনে হাজির হতে হয়। মজিবরের লোকের সঙ্গে যোগাযোগ করে চাহিদামাফিক টাকা না দিলে নামজারির আবেদন নামঞ্জুরের প্রার্থনা করে এসি (ল্যান্ড) বরাবর নেতিবাচক মন্তব্য লিখে প্রতিবেদন পাঠিয়ে দেন।
মজিবর ভাতের চেয়ে বেশি খান ঘুষ। তিনি ঘুষ গ্রহণ করেন অত্যন্ত সতর্কতার সঙ্গে। ঘুষের দরদাম করে টাকা বুঝে নেওয়ার জন্য রয়েছেন তার এক ভাতিজা। এ ছাড়া বিশ্বস্ত কয়েকজন বহিরাগতও রয়েছেন, যাদের দেখলে মনে হয়, এরা এই ভূমি অফিসেরই হর্তাকর্তা।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, নিষ্কন্টক ১ থেকে ৩০ শতাংশ জমির নাম জারির আবেদন উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানোর শতাংশপ্রতি ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত মজিবরকে দিতে হয়। জমির পরিমাণ বেশি হলে বাড়ে ঘুষের পরিমাণও। ‘খ’ তফসিল ভুক্ত জমির নাম জারির আবেদনের জন্য শতাংশ প্রতি তাকে দিতে হয় কমপক্ষে ৫ হাজার টাকা।
কাচপুর ইউনিয়নের বাঘুরি গ্রামের আব্দুল মালেকের আবেদনের (নং-৫৮০৮৩৭৮) নামজারি মামলা নং-৭৫৬৮/২২-২৩, খতিয়ান নম্বর ১৪২৮ এ ভুল করার কারণে পরপর তিনবার প্রতিবেদন পাঠাতে হয়। বিনিময়ে তাকে প্রতিবার গুনতে হয় ৬ হাজার করে মোট ১৮ হাজার টাকা।
সাদিপুর ইউনিয়নের নানাখি গ্রামের আব্দুল মতিন, পিতা ক্বারী দীন মুহাম্মদ, নামজারি আবেদন নাম্বার ১১৬৮৮০৬৩৭, মিউটেশন নং- ৩১১৬/২৫-২৬-এর প্রতিবেদন পাঠাতে মজিবরকে দিতে হয় ২২ হাজার টাকা।
চলতি বছর জানুয়ারিতে নামজারি মামলা নং- ৮৩৭৮/২৫-২৬ , ৮৩৮২/২৫-২৬, এবং ৮৩৮৩/২৫-২৬ নামজারি প্রস্তাব পাঠানোর জন্য মজিবরের চাহিদামাফিক টাকা না দেয়ায় প্রস্তাবে নেতিবাচক মন্তব্য লিখে আবেদন নামঞ্জুরের সুপারিশ করেন। পরবর্তীতে অভিন্ন ভুক্তভোগীগণ গত ১২ সেপ্টেম্বর পুনরায় নামজারির আবেদন করেন। মামলা নম্বর যথাক্রমে: ৩৪৭৭/২৬-২৭, ৩৪৫৬/২৬-২৭, ৩৪৬৪/২৬২৭। মজিবর রহমান সেগুলোও ‘নামঞ্জুর’ করে এসি(ল্যান্ড) অফিসে প্রতিবেদন পাঠান। ভুক্তভোগীরা সরাসরি এসি(ল্যান্ড)র সঙ্গে যোগাযোগ করলে তিনি ওই প্রস্তাব মজিবরের কাছে ফেরত পাঠান। মজিবর যথারীতি ‘আর এস ১৬২৪ দাগে কোনো জমি খালি নাই’ মর্মে নেতিবাচক মন্তব্য লিখে এসিল্যান্ড’র কাছে পাঠিয়ে দেন। পরবর্তীতে ভুক্তভোগীরা এই দাগের সমস্ত নামজারির খসড়া কপি উত্তোলন করে দেখতে পান যে, জমির পরিমাণ সঠিক রয়েছে। বালাম বহিতে অতিরিক্ত ‘মাইনাস’ দেখিয়ে ‘জমি নাই’ উল্লেখ করা হয়েছে। এটি মজিবরের পয়সা হাতিয়ে নেয়ার কৌশল। খতিয়ান থেকে অতিরিক্ত জমি ‘মাইনাস’ দেখিয়ে বলা হয়, এই খতিয়ানে কোনো খালি জমি নাই। এসব বিষয়ে এসি (ল্যান্ড)কে জানালে তিনি আবারো আবেদন ফেরত পাঠান। এতে আরো বেশি ক্ষিপ্ত হন মজিবুর। আর তখন একদাগের জমি অন্যজনের নামে সুপারিশ দিয়ে প্রতিবেদন পাঠান। সেটির ভিত্তিতে এসি(ল্যান্ড) নামজারি করে দেন। এ ধরণের ঘটনায় ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, গত ১২/০৯/২৬ তারিখের আবেদন নং ১৬৯৫১৬২৫, মিউটেশন মামলা নং-৩৪৭৭/২৬-২৭ নামজারি খতিয়ান নং ২০২৬১০০৩৭০ এর নামজারি সম্পন্ন হয় গত ১২/১১/২৬ তারিখ। কপি হাতে পেয়ে দেখতে পাই যে, নামজারির আবেদনে আমার (শহিদুল ইসলাম) নামে ৪৯.০৯ শতাংশ এবং আমার আম্মা লুৎফুন নাহারের নামে ৫ শতাংশ, চারটি দাগ মোট ৫৪.০৯ শতাংশ জমির জন্য আবেদন করি। আবেদনকৃত আর এস ১৬২৪ দাগের ১৯.৩৪ শতাংশ জমি নামজারি থেকে বাদ দেয়া হয়। অথচ বন্টননামা দলিল অনুযায়ী লুৎফুন্নাহারের ৫ শতাংশ জমি আর এস ১৬২৪ নং দাগে। যে ৩টি দাগের নাম জারি দেয়া হয়েছে, সেখানে লুৎফুন নাহারের কোনো অংশ নেই। উল্লেখিত নাম জারিতে লুৎফুন নাহারের নাম থাকলেও প্রকৃতপক্ষে এখানে তার কোনো মালিকানা নেই। অপরদিকে নামজারি আবেদন নং ১৬৯৪৬২৮৯ তারিখ ১১/০৯/২৬ মিউটেশন মামলা (নং ৩৪৫৬/২৬-২৭) এ আবেদন করা হয় ১৪ শতাংশ জমির নামজারির জন্য। কিন্তু নামজারি করা হয়েছে ১৩.২২ শতাংশ। এখানেও দশমিক ৭৮ শতাংশ কম দেয়া হয়েছে। নায়েব মজিবরকে ঘুষ না দেয়ায় উল্টাপাল্টা প্রতিবেদন দিয়ে আমার নামজারি আরো জটিল করে দিয়েছেন। জানি না এই সমস্যার কীভাবে সমাধান হবে!
তথ্যানুসন্ধানে জানা যায়, এভাবে একজনের জমি অন্যজনকে দিয়ে কৃত্রিম জটিলতা সৃষ্টি করে নায়েব মজিবর দু’হাতে লুটে নিচ্ছেন অর্থ। তিনি নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন বহুতল ভবন। আত্মীয়-স্বজনের নামেও গড়েছেন সম্পত্তি। অর্থ-সম্পদের তথ্য গোপন করতে নিজের সম্পত্তির ওপর লাগিয়ে রাখছেন নিকটাত্মীয় অন্য কারো সাইনবোর্ড। তবে স্থানীয় সবাই জানেন, এটি মজিবরেরই সম্পত্তি। নারায়ণগঞ্জের আড়াই হাজার সরকারি সফর আলী কলেজের পাশে দিঘির পাড়ে রয়েছে ৩টি পাঁচ তলা বাড়ি। নারায়ণগঞ্জ শহরে আছে একাধিক বাড়ি। ঢাকার গুলশানে রয়েছে ফ্ল্যাট। ভগ্নিপতির নাম সামনে রেখে চালিয়ে যাচ্ছেন গার্মেন্টস ব্যবসা। মজিবুর যে ব্যক্তিগত গাড়িটিতে চড়ে ভূমি অফিসে আসেন, এটির রেজিস্ট্রেশনও তার এক আত্মীয়ের নামে। ফলে ধূর্ত মজিবরকে কাগজ-কলমে প্রমাণ করা দু:সাধ্য।
টাকা ছাড়া একটি নামজারি প্রস্তাবও মজিবর এসি (ল্যান্ড) অফিসে পাঠান না। এই নীতি তার চাকরির সূচনালগ্ন থেকেই। ঘুষ গ্রহণের সর্বোচ্চ শাস্তি এই দেশে কি হতে পারে, মজিবরের সেটি জানা। সর্বোচ্চ কাছাকাছি অন্য আরেকটি ইউনিয়ন ভূমি অফিসে বদলি। টাকার কাছে সবাই পদানত। জায়গা মতো টাকা ঢাললে চাকরিচ্যুতির আদেশ দানের কলমও ভোতা হয়ে যায় এই দেশে। এসবই জানেন ‘ম্যানেজ মাস্টার’ মজিবর। আর এ কারণেই তিনি ঘুষ গ্রহণে এতোটা অকুতোভয় আর নির্ভীক। রূপগঞ্জ মুড়াপাড়া ভূমি অফিসে থাকতে সেখানকার তৎকালিন আ’লীগ এমপি ও ভূমিদস্যু গোলাম দস্তগীর গাজীর (তৎকালিন পাট ও বস্ত্রমন্ত্রী) ভূমি সংক্রান্ত জাল-জালিয়াতি মজিবর ‘জায়েজ’ করে দিতেন। এ কারণে গাজীর সঙ্গে তার গড়ে ওঠে ব্যক্তিগত সম্পর্ক। গাজীর ঢাকার বাসায়ও ছিলো অবাধ যাতায়াত। ফলে সাধারণ কোনো ভুক্তভোগী তাকে ফোনে না পাওয়ার কথা জানালে মজিবরের ঝাঁঝালো উত্তর, ‘রাখেন মিয়া! মন্ত্রী-এমপি’র ফোন ধরারই টাইম পাই না..!’ আর কাউরে গোনার টাইম আছে?
নারায়ণগঞ্জ জেলাধীন কাঁচপুর সার্কেল একটি শিল্পাঞ্চল। যারা নতুন শিল্প স্থাপন করেন তাদের কাছে ঘুষের এই টাকা ‘হাতের ময়লা’। কিন্তু যারা নিম্ন আয়ের শ্রমজীবী ও পৈত্রিকসূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিক, তাদের কাছে অন্যায্য এ অর্থ পাহাড় সমান বোঝা। তারা এই বোঝা আর বহন করতে পারছেন না। কিন্তু জমির মালিকমাত্রই তার কাছে ‘ধরা’-এই বিবেচনায় অনেক ভুক্তভোগী নাম প্রকাশও করতে চান না। মজিবরের পোষা দালালচক্রের মাধ্যমে কাজ না করালে আরো বেশি অর্থ খরচ, আরো বেশি হয়রানিতে পড়ার ঝুঁকি রয়েছে। রূপগঞ্জে দায়িত্ব পালনকালেই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিকবার অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অজ্ঞাতকারণে ওই অভিযোগের কোনো অনুসন্ধান হয়নি। দুদকে অভিযোগ করেও কোনো কাজ হয় না-এমন একটি ধারণা থেকে নতুন করে হয়রানির ভয়ে এখন আর কেউ সনামে মজিবরের বিরুদ্ধে অভিযোগ দিতে চান না। তবে মজিবুরের দুর্নীতিতে অতিষ্ঠ ভুক্তভোগীরা মনে-প্রাণে চান কাচপুর সার্কেল সাদীপুর ভূমি অফিসটিতে দুদক টাস্কফোর্স ঝটিকা অভিযান পরিচালনা করুক। সেই সঙ্গে মজিবরের দুর্নীতি এবং নামে-বেনামে গড়ে তোলা অবৈধ সম্পদের তদন্ত করে তাকে আইনে আওতায় আনা হোক।
এদিকে ঘুষ, দুর্নীতি ও কৃত্রিম জটিলতা সৃষ্টি করে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ সম্পর্কে জানতে আজ (রোববার) যোগাযোগ করা হয় সাদীপুর ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মজিবরের সঙ্গে। তাকে একাধিকবার কল করা হয়। যোগাযোগের জন্য এসএমএস দেয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সাড়া পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন