প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাদের প্রতিবাদের কারণে শেষ পর্যন্ত অননুমোদিত এ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে অলিরবাজারে তাহেরীর পূর্ব নির্ধারিত এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকেই তাহেরীর আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। তারা স্থানীয় প্রশাসনকে অবহিত করে তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবি জানায়। অনুমতি না থাকার কারণে শুক্রবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর প্রোগ্রাম বন্ধ করে দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, "প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই তাহেরীর প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। তিনি প্রোগ্রাম করতে এলে পালটা কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করবে হেফাজতে ইসলাম।"
তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, "যে কোনো কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করব।"
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন