প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়া ৬ হাজার ৫০০ জনের বেশি রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার নতুন একটি ধাপ।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মাত্র পাঁচ দিন আগে রায় দিয়েছেন যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এমন একটি সময়ে এ ঘোষণা এসেছে। মালয়েশিয়া দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। তবে দেশটিতে বিপুলসংখ্যক শরণার্থীর কারণে ক্রমাগত অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে।
মালয়েশিয়া সরকারের দাবি, শরণার্থীদের আশ্রয় দেওয়া এখন তাদের জন্য একটি আর্থিক বোঝা এবং নিরাপত্তার ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল। তবে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকায় মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় বলেছেন, আগামী ৬ থেকে ৭ ডিসেম্বর তিনটি নৌবাহিনীর জাহাজে করে ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০। তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক।
গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষকে দেশের ভেতরে ও বিদেশে বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদার সঙ্গে দেশে ফেরার সুযোগ করে দিতে হবে। গত মাসে মালয়েশিয়ার সাবেক জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংকে আতিথ্য দেওয়া হয়েছিল।
এই পদক্ষেপের জন্য মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করেছে এবং বলেছে, এটি মিয়ানমারের সরকারকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি, দেশে ফেরত পাঠানো শরণার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।
আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মিয়ানমারের সাবেক নেতার সঙ্গে তার আলোচনা ছিল মালয়েশিয়ার জাতীয় স্বার্থ রক্ষার প্রচেষ্টার অংশ। এই আলোচনা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ওই রায়ে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে যাওয়া মানুষদের নিরাপদ ও মর্যাদার সঙ্গে দেশে ফেরার সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া অনেক মানুষই মিয়ানমার সরকারের চালানো নৃশংসতার শিকার। তবে তিনি বলেন, মালয়েশিয়ার পক্ষে আর শরণার্থীদের আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে না। তাদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের চেষ্টা সফল হয়নি।
গত মাসের শেষ দিকে মালয়েশিয়া জানিয়েছিল, সম্প্রতি মিয়ানমারে ফেরত যাওয়া শত শত অভিবাসীকে দেশটির সামরিক বাহিনী আটক করে রেখেছে, এমন খবরের বিষয়ে তারা মিয়ানমার সরকারের কাছে ব্যাখ্যা চাইবে।
আনোয়ার এ বিষয়ে ব্যাখ্যা চাওয়ার কথা সরাসরি উল্লেখ না করলেও জানান, রোহিঙ্গাসহ মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর বিষয়ে মালয়েশিয়া তাদের আগের অবস্থানেই রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়েও এ বিষয়ে উদ্বেগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। মুসলিম এই জনগোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে বেশি নিপীড়িত সংখ্যালঘুদের একটি হিসেবে বিবেচনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন