প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের গ্রামের বাড়িতে ধারাবাহিকভাবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে। সর্বশেষ সোমবার (২৩ নভেম্বর) ভোরে ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।
ঘটনার সময় মিনহাজের বাবা-মা ঘরের ভেতরে ঘুমাচ্ছিলেন। তবে তাঁরা বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।
সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে আব্দুল্লাহ আল মিনহাজ লিখেছেন, "আজ ভোরে ময়মনসিংহের গফরগাঁওয়ে আমার বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ লীগ। আমার বাবা-মা ঘরের ভেতরে ঘুমাচ্ছিলেন। আগুন বাড়ির একপাশে লাগায় তারা বিষয়টি টের পাননি। পরে কেরোসিনের গন্ধ, বোতল, দেয়ালে পোড়া দাগ এবং লীগের ছড়িয়ে দেওয়া ভিডিওর দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যায়, তারা ঘরের সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন, তা না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।"
মিনহাজ জানিয়েছেন, তাদের বাড়িতে পাঁচটি কক্ষ রয়েছে এবং তিনি বাড়িতে গেলে যে কক্ষটিতে থাকেন, সেটির বারান্দায় আগুন দেওয়া হয়েছিল। তিনি বলেন, "বারান্দায় এমন কিছু ছিল না যা থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। তা ছাড়া ভোরের দিকে বৃষ্টির কারণে ভেজা পরিবেশ থাকায় আগুন একপর্যায়ে নিজে থেকেই নিভে যায়। বাড়িতে শুধু আমার বাবা-মা থাকেন। তারা বাড়ির বিপরীত পাশে ঘুমাচ্ছিলেন বলে কিছুই টের পাননি। সকালে পোড়া গন্ধ পেয়ে তারা বিষয়টি বুঝতে পারেন।" এদিকে, সকালে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের ভিডিও ছড়াতে শুরু করে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদও ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, "আজ ভোরে ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ লীগ। মিনহাজের বাবা ও মা ঘরের ভেতরে ঘুমাচ্ছিলেন। আল্লাহর রহমতে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।"
বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে মুসাদ্দিক আরও বলেন, "এই অগ্নিসন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এসব অগ্নিসংযোগের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।"
উল্লেখ্য, মিনহাজের বাড়িতে হামলার ঠিক একদিন আগে রোববার (২২ নভেম্বর) খাগড়াছড়িতে ডাকসু ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আবু সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনাতেও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছে।
এর আগে গত ১৯ নভেম্বর গোপালগঞ্জে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় নির্দেশদাতা, নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারীদের নাম-পরিচয় রোববার প্রকাশ করেছেন মুসাদ্দিক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন