প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগে চেলসির বিদায়ের স্মৃতি এখনও ওয়েসলি ফোফানার মনে গেঁথে রয়েছে। বিশেষ করে করিম বেঞ্জেমার অসাধারণ পারফরম্যান্স তাঁকে এতটাই বিপদে ফেলেছিল যে ফরাসি এই ডিফেন্ডার মন্তব্য করেছেন, ‘বেঞ্জেমা আমাকে মানসিকভাবে বিধ্বস্ত করেছিলেন।’ তিনি আরও বলেছেন, ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর পারফরম্যান্সও তিনি সামলাতে পারেননি।
২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চেলসি ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল। দুই লেগে ২-০ গোলে জয়লাভ করে ৪-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্প্যানিশ জায়ান্টরা। দুই লেগে চার গোলের তিনটিতে সহায়তা করেন ভিনিসিউস। প্রথম লেগে বেঞ্জেমা ম্যাচের প্রথম গোলটি করেন।
ফুটবল বিষয়ক ইউটিউব অনুষ্ঠান ‘জ্যাক’-এ দেওয়া সাক্ষাৎকারে ফোফানা বলেছেন, ‘বেঞ্জেমা আমাকে মানসিকভাবে বিধ্বস্ত করেছিলেন। তিনি একাই আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিলেন।’
ফোফানা বেঞ্জেমা ও ভিনিসিউসের পাশাপাশি রদ্রিগোর কথাও উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, ‘বেঞ্জেমা ও ভিনিসিউস—এটা ছিল অবিশ্বাস্য। রদ্রিগো এসেছিল কাজটা শেষ করতে। ফুটবলের দিক থেকে বললে, ভিনিসিউস ও বেঞ্জেমা—এই দুজনকে সামলানো আমাদের জন্য খুব কঠিন ছিল। আমরা মদ্রিচের বিপক্ষেও খেলেছি। সত্যিই স্বপ্নের মতো একটা দল ছিল তাদের।’
রিয়াল মাদ্রিদ ওই জয়ের মাধ্যমে চেলসির মাঠে টানা দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জয়লাভ করে। প্রতিযোগিতার ইতিহাসে তারা প্রথম দল, যারা চেলসির মাঠে একাধিকবার চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ে ম্যাচ জিতেছে।
রিয়ালের বিপক্ষে হতাশার পর চোটের কারণে ফোফানার চেলসিতে ক্যারিয়ারও কঠিন সময় পার করেছে। এনজো মারেস্কার কোচিংয়ের সময় তিনি একাধিকবার চোটে পড়েন। এর মধ্যে হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাসের চোট ছিল। সেখান থেকে ফিরে উরুর পেশিতে আরও দুবার আঘাত পান ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার।
চোটের ধকল এতটাই বেশি ছিল যে একসময় ফুটবল ছেড়ে দেওয়ার চিন্তা তাঁর মাথায় এসেছিল। ফোফানা বলেন, ‘এসিএল ও মেনিসকাসের চোট থেকে ফেরার পর মারেস্কার অধীনে আমার উরুতে দুবার চোট লাগে। এমন একটা সময় এসেছিল, যখন আমি ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলাম।’
তিনি আরও জানান, নিজের এজেন্টদের সঙ্গে বসে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে তাঁরা তাঁকে চুক্তির মেয়াদ ও আর্থিক বিষয়গুলো মনে করিয়ে দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেন।
ফোফানার ভাষায়, ‘আমি এজেন্টদের বলেছিলাম, এটাই শেষ, আমি ফুটবল ছেড়ে দিচ্ছি। এরপর তারা চুক্তির কথা বলল। বলল, তোমার চুক্তির এখনও অনেক বছর বাকি, সামনে অনেক অর্থ উপার্জনের সুযোগও আছে। ফুটবল ছাড়তে চাইলেও প্রতিদিন অনুশীলনে আসতে হবে, হাসিমুখে থাকতে হবে, চোট থাকলে সাইডলাইনে বসে থাকতে হবে—তোমার চুক্তি আছে, সেটি শেষ করতে হবে।’
এখন চেলসিতে নিজের সেরা ছন্দে ফেরার লক্ষ্য ফোফানার। তবে ২০২৩ সালে বেঞ্জেমা-ভিনিসিউসদের বিপক্ষে সেই কঠিন অভিজ্ঞতা এবং পরবর্তী চোটের সময় তাঁকে কতটা মানসিক ও শারীরিক চ্যালেঞ্জের মুখে ফেলেছিল, তাঁর বক্তব্যে তা স্পষ্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন