প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নির্বাচনি ইশতেহারের আলোকে সরকারের আগামী ৫ বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রণয়ন ও তার বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী এই তথ্যটি বুধবার (১০ জুন) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের উত্তরে জানান। সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তারেক রহমান বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত নানা কার্যক্রম বাস্তবায়নে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিনের, ২০২৬-২৭ অর্থবছরের, এবং আগামী ৫ বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রস্তুত করেছে। ইতোমধ্যে সেই অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। বিশেষ করে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করা কর্মসূচির আওতায় কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই দর্শনের ভিত্তিতে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে কাজ করছে। এর অংশ হিসেবে নারীদের প্রধান পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এর মাধ্যমে প্রতিমাসে ২,৫০০ টাকা দেওয়ার প্রকল্প চালু করা হয়েছে। পাইলটিং পর্যায়ে এখন পর্যন্ত ৩৬টি ইউনিটের ৬০,০৪৮টি পরিবারকে এই কার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষির উন্নয়ন ও কৃষকদের পরিচয় নিশ্চিতকরণের জন্য ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা এবং স্বল্পমূল্যে সেচ সুবিধা দেয়ার লক্ষ্যে গত ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রি-পাইলটিং পর্যায়ে দেশব্যাপী ৮টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে এ কার্যক্রম চলছে এবং এ পর্যন্ত ২০,৭৪৮ জন কৃষক কার্ড পেয়েছেন। এর পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার শস্য, ফসল, পশুপালন এবং মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ১৫৬৭.৯৬ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে, এর ফলে সারা দেশে প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবেন।
তিনি আরও জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ১৮০ দিনের অগ্রাধিকারে ৪৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার এবং ৩৯৬টি গির্জায় কর্মরতদের মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। লক্ষ্য হল পর্যায়ক্রমে এই সুবিধা দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে সম্প্রসারণ করা। স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে, যা বর্তমানে প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রথম ১৮০ দিনে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ এবং নরসিংদী জেলার জনসংখ্যাকে ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হবে। এই কার্ডটি ইলেকট্রনিক পেশেন্ট রেফারেল সিস্টেম এবং ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে।
সরকার প্রধান বলেন, পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে ১৮০ দিনের কর্মসূচির আওতায় খাল খননের প্রকল্প ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। ৩১ মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক ৬৬৬টি খাল খনন ও পুনঃখননের কাজ চলছে, যার মোট দৈর্ঘ্য ১৬৩৫.০৪ কিলোমিটার। এছাড়া ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে বনায়ন সৃজনের উদ্যোগ নেয়া হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ৩ কোটি ১৪ লাখ চারা রোপণ করা হবে, যা স্থানীয় সরকার ও এনজিওদের সঙ্গে সমন্বয় করে সম্পন্ন ঘটবে।
তারেক রহমান বলেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে। এর সাথে বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে “ওয়ান টিচার ওয়ান ট্যাব” পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিকায়নে আগামী ১৮০ দিনের মধ্যে ২৩৩৬টি কারিগরি এবং ৮২৩২টি মাদ্রাসা প্রতিষ্ঠানে ‘ফ্রি ওয়াই-ফাই’ চালু করা হবে। তরুণদের উচ্চশিক্ষার সুবিধার্থে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। বিশেষ করে জাপানে যাওয়ার শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তির পূর্বে সার্টিফিকেট অব এলিজিবিলিটির ভিত্তিতে ঋণ প্রদান প্রক্রিয়া সহজীকৃত করা হয়েছে।
তিনি বলেন, দেশের ক্রীড়া ও বিনোদন খাতের উন্নয়নে সারা দেশে শহর এবং গ্রামাঞ্চলে খেলার মাঠ চিহ্নিতকরণ ও অবকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত একটি কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা প্রবর্তন হয়েছে, যেখানে প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং এ পর্যন্ত ৩০০ জনকে ভাতা এবং ৩২৫ জনকে ক্রীড়া কার্ড দেয়া হয়েছে। এছাড়া ১২-১৪ বছরের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা আবিষ্কারের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম শুরু করা হয়েছে, যাতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্টসহ মোট ৮টি খেলায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি এবং কর্মসংস্থানের উন্নয়নের জন্য হাই-টেক বা সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপ্যাল এর কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য একটি কমিটি গঠিত হয়েছে। বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়নের উদ্দেশ্যে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে জাতীয় রুফটপ সোলার কার্যক্রম ও নেট মিটারিংয়ের মাধ্যমে মোট ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।
তারেক রহমান আরো বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর শূন্য পদের বিপরীতে বর্তমানে ২৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন