প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে অবস্থান করতেন আলামিন শেখ (৩১)। তিনি বিদেশফেরত প্রবাসীদের নামমাত্র ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলতেন। পরে গাড়ির ভেতরেই পরিকল্পিতভাবে তাদের নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে ফাঁকা জায়গায় নামিয়ে দিতেন।
প্রবাসীদের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা ও ছিনতাইয়ের জন্য গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আলামিন শেখকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানের সময় আলামিনের ঘর থেকে একটি চায়নিজ কুড়াল, দুটি সুইচগিয়ার চাকু, বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ১৫টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ৩টি আইফোন, ৪টি ট্যাব, ৭টি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের ৭৭টি মুদ্রার নোট এবং বাংলাদেশি ১ লাখ ৭৯ হাজার টাকা জব্দ করা হয়।
আলামিন শেখ মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামের কালাম শেখের ছেলে।
গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার রাতে আলামিনকে গ্রেপ্তার ও জব্দ করা মালামালের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ।
পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন শেখ দীর্ঘদিন ধরে ঢাকার বিমানবন্দর এলাকা ও অন্যান্য স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, গোয়েন্দা শাখার পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৮০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার
এদিকে, বৃহস্পতিবার মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের টেকেরহাট উত্তরপাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে ৮০০ ইয়াবাসহ মাকসুদা (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে ডিবির অপর একটি দল।
মাকসুদা উপজেলার গোহালা ইউনিয়নের হরিশ্চর গ্রামের আবুবক্করের স্ত্রী। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় মাকসুদাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন