প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্ল্যাকার্ড হাতে। চোখে কালো কাপড় বাঁধা। প্ল্যাকার্ডে লেখা রয়েছে—‘বিচার ব্যবস্থা অন্ধ কেন?’ এভাবেই মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নড়াইল আদালত চত্বরে দাঁড়িয়ে ছিলেন সবুজ দাস। তিনি দাবি করেছেন, ৯ দিন ধরে নিখোঁজ তার ছোট বোন রুপা দাসকে (১৫) অপহরণ করা হয়েছে। দ্রুত বোনকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে প্রতিবাদ জানাতে তিনি সেখানে উপস্থিত হয়েছেন।
রুপা দাস নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের বাসিন্দা এবং বোড়ামারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সবুজ দাস জানান, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ১৩ সেপ্টেম্বর তার বোন স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। তাদের ধারণা, রুপাকে অপহরণ করা হয়েছে।
সবুজ বলেন, ‘আমরা কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে থানায় মামলা করেছি। মামলায় একজনকে আটক করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে আদালত থেকে তাদের জামিন দেওয়া হয়েছে। অথচ আমার ছোট বোনকে এখনো ফিরে পাইনি। পুলিশও এখন পর্যন্ত কোনো সন্ধান দিতে পারেনি।’
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে বোনের সঙ্গে পরিবারের কারো যোগাযোগ হয়নি। বোনকে দ্রুত উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে তিনি আদালত চত্বরে প্রতিবাদ জানাতে এসেছেন।
রুপার বড় ভাই সাগর দাসের করা এজাহার অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বোড়ামারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে রুপাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে রবিউল ইসলাম (১৯), আলিফ শিকদার (১৯), আম্বিয়া বেগম (৪০), জান্নাতি খানম (২০) ও রুমন বিশ্বাস (৩২) এই পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, রবিউল ইসলাম কিছুদিন ধরে রুপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। রুপা তাতে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত ছিলেন। পরে তাকে অপহরণের পরিকল্পনা করা হয় বলে অভিযোগ পরিবারের।
এজাহারে বলা হয়েছে, ১৩ সেপ্টেম্বর বেলা ২টার দিকে বোড়ামারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাইজপাড়া-তুলারামপুর সড়কে রবিউল ও আলিফ মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন। স্কুল থেকে বাড়ি ফেরার পথে তারা ভয়ভীতি দেখিয়ে রুপাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
রুপাকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানতে পারেন, তারা রবিউল ও আলিফকে স্কুলের সামনে থেকে রুপাকে মোটরসাইকেলে করে তুলারামপুরের দিকে নিয়ে যেতে দেখেছেন। পরে পরিবারের সদস্যরা রবিউলের বাড়িতে গিয়ে রুপার বিষয়ে জানতে চান। সেখানে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় এবং রবিউল ও আলিফকে রুপাকে নিয়ে অন্যত্র চলে যেতে সহায়তা করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা করেন সাগর দাস।
এ বিষয়ে জানতে অভিযুক্ত রবিউল ইসলামের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, তাদের ফোন নম্বর নেই, ফলে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, ওই মামলায় এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। অন্য দুজন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। তারা এখন আদালত থেকে জামিনে আছেন। প্রধান আসামিকে গ্রেপ্তার করতে আমরা কাজ করছি। তাদের অবস্থান শনাক্ত করা গেলে দ্রুত তাকে গ্রেপ্তার করতে পারব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন