প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রমিকদের ধর্মঘট এবং কর্মস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ার অভিযোগের প্রেক্ষিতে ঢাকার উত্তরায় পাঁচটি পোশাক কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা একটি নোটিশে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্যান্য সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে।
যে পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড এবং ওলিও অ্যাপারেলস লিমিটেড।
নোটিশে বলা হয়েছে, ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তিন দিন কিছু শ্রমিক বিভিন্ন দাবির ভিত্তিতে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ না করে ধর্মঘট পালন করেন। এ সময় কর্তৃপক্ষের কাজে ফেরার অনুরোধ উপেক্ষা করে উত্তেজনাপূর্ণ ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এই পরিস্থিতির কারণে কর্মকর্তা-কর্মচারীদের জীবনের নিরাপত্তা এবং কারখানার সম্পদের ঝুঁকি বেড়ে যায়। ফলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়ায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তা বিভাগ ছাড়া কারখানাগুলোর অন্যান্য সব বিভাগের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পুনরায় চালুর তারিখ ও সময় পরে নোটিশের মাধ্যমে জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন