প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নির্মাণাধীন সেতুর লোহার অ্যাঙ্গেল খালের পানির নিচে পড়ে রয়েছে। এটি বাইরে থেকে দেখা যায় না, কিন্তু পণ্যবাহী বোট চলাচলের জন্য এটি একটি মরণফাঁদ হিসেবে কাজ করছে। ওই লোহার কাঠামোয় ধাক্কা লেগে একের পর এক বোটডুবি ও দুর্ঘটনা ঘটছে। পূর্বে কয়েক দফা দুর্ঘটনায় বোটডুবির ঘটনা ঘটেছে। এবার একই দিনে দুটি লবণবোঝাই বোট দুর্ঘটনার শিকার হয়েছে। একটি লবণসহ ডুবে গেছে, অন্যটির তলা ফেটে গেছে। ব্যবসায়ীদের দাবি, দুই ঘটনায় প্রায় ৪২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রামের পটিয়া উপজেলার চানখালী খালের নাইখাইন এলাকায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, সেতু নির্মাণকাজে ব্যবহৃত লোহার অ্যাঙ্গেল ও অন্যান্য নির্মাণসামগ্রী খালের তলদেশ থেকে অপসারণ না করার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। একের পর এক দুর্ঘটনার পরও নৌপথটি নিরাপদ করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, পেকুয়ার মগনামা থেকে নৌপথে পটিয়ার ইন্দ্রপোল লবণশিল্প এলাকায় নিয়মিত লবণের কাঁচামাল পরিবহন করা হয়।
বৃহস্পতিবার দুর্ঘটনায় নুরুল আবছার ওরফে মনু কোম্পানির মালিকানাধীন প্রায় ২২ লাখ টাকা মূল্যের একটি বোট লবণসহ ডুবে যায়। বোটটিতে প্রায় ১০ লাখ টাকার লবণ ছিল। ফলে বোট ও পণ্য মিলিয়ে প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, একই ঘটনায় আবদুর শুক্কুর ওরফে শুক্কুর কোম্পানির মালিকানাধীন অন্য একটি বোটের তলা ফেটে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ী জানিয়েছেন। সবমিলিয়ে এক দিনের দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪২ লাখ টাকা।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, নির্মাণাধীন সেতুর নিচে পানির তলদেশে পড়ে থাকা লোহার অ্যাঙ্গেলে ধাক্কা লেগে এর আগেও অন্তত ১০ থেকে ১২টি বোটডুবির ঘটনা ঘটেছে। কয়েকবার দুর্ঘটনার পরও লোহার কাঠামো অপসারণ না করায় একই স্থানে ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের প্রশ্ন, একের পর এক বোটডুবির পরও কেন খালের তলদেশে পড়ে থাকা লোহার অ্যাঙ্গেল সরানো হচ্ছে না, নৌপথে চলাচলকারী বোটগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার, আরও বড় কোনো দুর্ঘটনা ঘটার পরেই কি সংশ্লিষ্টদের টনক নড়বে?
চানখালী খাল দক্ষিণ চট্টগ্রামের লবণ ব্যবসা ও পণ্য পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ। পেকুয়ার মগনামা থেকে ইন্দ্রপোলের লবণশিল্প এলাকায় প্রতিদিন বিপুল পরিমাণ লবণের কাঁচামাল আনা-নেওয়া হয় এই খাল দিয়ে। এই নৌপথের ওপর নির্ভরশীল রয়েছেন বোট মালিক, শ্রমিক, মাঝি ও ব্যবসায়ীরা। কিন্তু নির্মাণাধীন সেতুর আশপাশে পানির নিচে থাকা লোহার কাঠামোর কারণে এখন প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে বোট চালাতে হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বোট মালিকের পুঁজি, শ্রমিকদের জীবিকা এবং পুরো পরিবহনব্যবস্থার ওপর বড় ধরনের চাপ পড়ছে।
অপরদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া লবণ মিল মালিক সমিতির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন। এ সময় ব্যবসায়ীরা খালের তলদেশে পড়ে থাকা লোহার অ্যাঙ্গেল ও নির্মাণসামগ্রী দ্রুত অপসারণের দাবি জানান। বারবার দুর্ঘটনার পরও যদি একই স্থানে বিপজ্জনক লোহার কাঠামো পড়ে থাকে, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বোটের শ্রমিক ও মাঝিদের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। ব্যবসায়ীরা অবিলম্বে চানখালী খালের তলদেশ থেকে নির্মাণকাজে ব্যবহৃত সব লোহার অ্যাঙ্গেল ও অন্যান্য সামগ্রী অপসারণ, দুর্ঘটনাস্থল চিহ্নিত করে সতর্কসংকেত স্থাপন এবং নৌপথ নিরাপদ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তাঁরা। এ সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সংসদ সদস্যের উদ্যোগে সংশ্লিষ্ট সেতু নির্মাণ কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে সেতু নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. এমরানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন