প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের উচ্চ রক্তচাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার দল। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট, সুপ্রিম কোর্টে দেওয়া এক প্রতিবেদনে ইমরানের উচ্চ রক্তচাপের কথা জানানোর পর পিটিআই দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার দাবি জানিয়েছে।
ইমরানের মামলার শুনানির এক দিন আগে সোমবার সুপ্রিম কোর্টে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় যে, ইমরানের উদ্বেগ ও রক্তচাপের সমস্যা কমাতে পরিবার পরিজনের সদস্যদের সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ দেওয়া উচিত।
পিটিআই নেতারা একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ইমরানকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে হবে। তাদের দাবি, ইমরানের ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য এবং আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া প্রয়োজন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেছেন, ইমরানের স্বাস্থ্য নিয়ে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনটি অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, এতে দেশের সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। আফ্রিদি আরও জানান, ইমরানের ব্যক্তিগত চিকিৎসকেরা তার রক্তচাপ পরীক্ষা করলে তা স্বাভাবিক পাওয়া গেছে। তবে সোমবারের সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইমরান খানের রক্তচাপ বেশি।
আফ্রিদি জানান, ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়টি গুরুতর। তিনি তদন্ত দাবি করেন যে, ২ ডিসেম্বরের পর থেকে ইমরানের পরিবারের সদস্য, আইনজীবী এবং ব্যক্তিগত চিকিৎসকরা তার সঙ্গে দেখা করতে পারেননি। তিনি অভিযোগ করেন যে, পাকিস্তানের বর্তমান সরকার এবং তার ভাষায়, অপহরণকারীরা ইমরানের বর্তমান শারীরিক অবস্থার জন্য দায়ী।
আফ্রিদি বলেন, ইমরানের চোখের সমস্যা প্রকাশ্যে আসার পর থেকেই তার দল দাবি করে আসছে, ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি ভালো হাসপাতালে চিকিৎসা করতে হবে। তিনি আরও বলেন, আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ আবারও চালু করা উচিত। তার ভাষায়, 'আমাদের এই দাবি অসাংবিধানিক বা অবৈধ নয়।' এছাড়া, তিনি অভিযোগ করেছেন যে, ইমরানের স্বাস্থ্য নিয়ে বিচার বিভাগও নীরব রয়েছেন।
আফ্রিদি প্রশ্ন করেন, 'দেশের সবচেয়ে বড় দলের সবচেয়ে জনপ্রিয় নেতা যদি কারাগারে থাকেন এবং বিচার বিভাগ তাকেই ন্যায়বিচার দিতে না পারে, তাহলে সাধারণ মানুষ কীভাবে ন্যায়বিচার পাবে?' তিনি বলেন, ২৫ কোটি মানুষের শেষ ভরসা বিচার বিভাগ। পিটিআই বিচার বিভাগের কাছে কোনো বিশেষ সুবিধা নয়, ন্যায়বিচার চাইছে। আফ্রিদি আরও জানান, ইমরানের মামলার শুনানির জন্য মঙ্গলবার তিন সদস্যের একটি বেঞ্চ বসবে। ওই দিন ইমরানের সঙ্গে আইনজীবী ও পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ দেওয়া উচিত।
তিনি বলেন, ইমরানের চিকিৎসা এবং তার সঙ্গে সাক্ষাতের বিষয়ে পিটিআইয়ের ন্যায্য দাবি মেনে নিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানানো হচ্ছে। সেই সঙ্গে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য, আইনজীবী এবং দলের নেতারা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।
আফ্রিদি আরও মন্তব্য করেন, 'বিচার বিভাগ যদি ন্যায়বিচার না করে, তাহলে জনগণ নিজেই ন্যায়বিচারের জন্য এগিয়ে যাবে।' তিনি বলেন, কোনো দলের নেতা, 'প্রতিষ্ঠান অথবা বিচার বিভাগ জনগণের ন্যায়বিচারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।' ইমরানের স্বাস্থ্যের প্রকৃত অবস্থা সম্পর্কে দেশকে জানাতে তার পরিবারই সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন আফ্রিদি। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেন, 'ইমরানের রক্তচাপ বেশি থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। প্রত্যেক পাকিস্তানির উদ্বেগ ও দাবি হলো, তাকে অবিলম্বে হাসপাতালে নেওয়া হোক, যাতে তিনি সর্বোত্তম চিকিৎসা পান।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন