প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন সৈকতের সব পয়েন্টে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং দুর্ঘটনায় নিহত পর্যটক শৌভিক রায়ের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় নিহতের বোন মেধা মৃত্তিকা রায় বাদী হয়ে মামলাটি করেন।
মামলাটির মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে প্যারাসেইলিং পরিচালনার অভিযোগে ‘ফ্রাই এয়ার সি স্পোর্টস’-এর পরিচালক মো. ফরিদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি বানানো হয়েছে। তবে, এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনার দিন শনিবার রাত এবং রোববার দুপুরে দরিয়ানগর প্যারাসেইলিং পয়েন্টে অভিযান চালিয়েছে প্রশাসন। প্রশাসন নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালিত ‘ফ্রাই এয়ার সি স্পোর্টস’-এর স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। একই সঙ্গে প্যারাসেইলিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাহমুদুর রহমান সায়েম জানান, অভিযানে পাঁচ থেকে ছয়টি স্পিডবোটের ইঞ্জিন, সংযোজিত ও বিচ্ছিন্ন বিভিন্ন যন্ত্রাংশ, ছয় থেকে সাতটি জেরিক্যান ভর্তি জ্বালানি ও অন্যান্য স্পেয়ার পার্টস জব্দ করা হয়েছে।
গত শনিবার বৈরী আবহাওয়ার মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় শৌভিক রায় নামে এক পর্যটকের মৃত্যু হয়। এরপর থেকে এই বিনোদন কার্যক্রমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
পর্যটকদের অভিযোগ হলো, অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়ার ঝুঁকি মূল্যায়ন, সরঞ্জামের নিয়মিত পরীক্ষা এবং জরুরি উদ্ধার প্রস্তুতি নিশ্চিত না করেই প্যারাসেইলিং পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেছেন, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া পরিচালিত এসব প্যারাসেইলিং কার্যক্রম ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন