প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আরিয়ান খানের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তার প্রেম ও বিয়ে নিয়ে বলিউডে আলোচনা অব্যাহত রয়েছে। এক সময় অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তা এখন অতীত। বর্তমানে ব্রাজিলিয়ান অভিনেত্রী ও মডেল লারিসা বোনেসির সঙ্গে আরিয়ানের নাম জড়িয়েছে। শাহরুখের পরিবারকে নিয়ে লারিসার মন্তব্য নতুন করে প্রেমচর্চাকে উসকে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লারিসার সঙ্গে বর্তমানে সম্পর্ক রয়েছে আরিয়ানের। যদিও শাহরুখপুত্র এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি। তবে বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে তাদের উপস্থিতি নিয়ে আলোচনা মাঝেমধ্যেই হয়ে থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে খান পরিবারের প্রতি লারিসার ভালোলাগা ও শ্রদ্ধার কথা উঠে এসেছে।
‘বোম্বে টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখের পরিবারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন লারিসা। তিনি উল্লেখ করেন, ‘খান পরিবার অনেকটা আমার নিজের পরিবারের মতোই। জীবনে ওরা যা অর্জন করেছেন, তাতে ওদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান তো রয়েছেই, ওরা মানুষ হিসেবে ভীষণ ভালো। ওদের সমর্থন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বন্ধুত্বই সবকিছু আর বন্ধুত্বই জীবনে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে।’
আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও লারিসা তার কাজের প্রশংসা করেছেন। তিনি আরিয়ানকে অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আরিয়ান একজন অসাধারণ মানুষ। ও নিজের কাজ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ। অনেকেই হয়তো বলে যে ওর সবকিছু আছে কিন্তু ও এসবের পরোয়া করে না। ও লড়াই করে নিজের ভবিষ্যৎ তৈরি করতে চায়। ও ওর লক্ষ্যে একদিন ঠিক পৌঁছাবে, কারণ নিজের কাজ নিয়ে ও ভীষণ সচেতন।’
৩১ বছর বয়সী লারিসা বোনেসি একজন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী। তিনি এক দশকেরও বেশি সময় ধরে ভারতের বিনোদনজগতে কাজ করছেন। লারিসার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘গো গোয়া গন’ (২০১৩), ‘থিক্কা’ (২০১৬), ‘রকেট রাজা’ (২০১৭) ও ‘ঘাটি’ (২০২৫)।
২০২৪ সাল থেকে আরিয়ানের সঙ্গে লারিসার নাম জড়াতে শুরু করে। গত বছর আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে লারিসাকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায়। সেই উপস্থিতির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়। তবে দুজনের কেউই এখন পর্যন্ত এই গুঞ্জনের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি।
শাহরুখ খান ও গৌরী খানের বড় সন্তান আরিয়ান খান। বাবার মতো অভিনয়জগতে পা না রেখে লেখক ও নির্মাতা হিসেবে ক্যামেরার পেছনে কাজ করার পথ বেছে নিয়েছেন তিনি। তার নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ গত বছর নেটফ্লিক্সে মুক্তি পায়। সিরিজটি দর্শকদের মধ্যে আলোচনাও তৈরি করে। শোনা যাচ্ছে, এর দ্বিতীয় নির্মাণের অনুমোদন দিয়েছে নেটফ্লিক্স।
কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও যে আরিয়ানকে ঘিরে দর্শকদের আগ্রহ কম নয়, লারিসার সাম্প্রতিক মন্তব্যে তা আবারও স্পষ্ট। তবে তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে এখনো রহস্যই রয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন