প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া শুরু হলে অনেকেই আতঙ্কিত হয়ে কিছু ভুল পদক্ষেপ গ্রহণ করেন, যা বিপদের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। নাক থেকে রক্তপাত হলে প্রথমে কী করতে হবে এবং কোন বিষয়গুলো এড়ানো উচিত, তা জানার চেষ্টা করা যাক।
অনেকে মনে করেন, শরীরের তাপমাত্রা বাড়লে নাক দিয়ে রক্ত পড়ে। এই কারণে শীতকালে অনেকেই ঠাণ্ডা পানিতে গোসল করেন। তবে চিকিৎসকদের মতে, এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এ ছাড়া, রক্তপাতের সময় মাথা পিছনের দিকে হেলিয়ে দেওয়া সবচেয়ে সাধারণ ও বড় ভুল। এতে রক্ত বন্ধ হয় না, বরং গলা দিয়ে পেটে চলে যেতে পারে। এর ফলে বমি বমি ভাব, বমি এবং শ্বাসনালিতে রক্ত চলে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রক্তপাত শুরু হলে সামনের দিকে সামান্য ঝুঁকে বসা উচিত এবং মুখ দিয়ে শ্বাস নেওয়া উচিত, যাতে রক্ত বাইরে বেরিয়ে আসে। এরপর নাকের শক্ত হাড়ের নিচের নরম অংশ বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে চেপে ধরে ১০ থেকে ১৫ মিনিট ধরে রাখতে হবে। রক্ত থেমেছে কি না তা দেখতে বারবার ছাড়লে জমাট বাঁধা রক্তের দলা ভেঙে আবার রক্ত বেরোতে পারে।
শুষ্ক আবহাওয়া, নাকে আঘাত, জোরে নাক ঝাড়া, নাক খোঁটা এবং সর্দি-সংক্রমণ নাক দিয়ে রক্ত পড়ার সাধারণ কারণ। বিশেষ করে শীতকালে শুষ্ক আবহাওয়ায় নাকের ভেতরের পাতলা চামড়া ফেটে গিয়ে রক্তপাত হওয়া খুবই সাধারণ। বয়স্কদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপও একটি কারণ হতে পারে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ২০ থেকে ৩০ মিনিট চেপে ধরার পরও যদি রক্ত না থামে, খুব বেশি পরিমাণে রক্ত পড়ে, মাথা ঘোরা বা দুর্বল লাগলে, নাকে গুরুতর আঘাত লাগলে কিংবা সপ্তাহে একাধিকবার নাক দিয়ে রক্ত পড়লে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এসব ক্ষেত্রে চিকিৎসকরা ন্যাজ়াল প্যাকিং করতে পারেন অথবা রক্তের শিরা বন্ধ করার জন্য কটারাইজেশন পদ্ধতি ব্যবহার করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন