প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের ৭ উপজেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এটি 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য শুক্রবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
আইএসপিআর থেকে জানানো হয়, চট্টগ্রাম জেলায় বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে।
এখন পর্যন্ত টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ এবং বাঁশখালী এই ৪টি উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এর ফলে এসব এলাকায় প্রায় ৪ লাখ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হয়ে পড়ে। এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ১০ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জামাদি দুর্গত এলাকায় মোতায়েন করা হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, ভারী মৌসুমি বৃষ্টিপাতের জন্য চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী এবং ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ত্রাণ কার্যক্রমের জন্য ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের এই উপজেলায় মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এই অঞ্চলে আটকা পড়া মানুষদের জন্য অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে উদ্ধার অভিযান পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত এলাকায় ৩টি ক্যাম্প স্থাপন করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের পাশে থাকে। দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন