প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কেউ প্রবেশ করতে পারবে না, এই কথা জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি উল্লেখ করেন, সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা চিনাকান্দি বিজিবির শিলডোয়া সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক জানান, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জামাদির ব্যবহার করা হচ্ছে এবং নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় বিভিন্ন নৌযানসহ এটিভির মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জাকারিয়া কাদির জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়ন সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে। অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধের জন্য বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। রাত্রীকালীন টহল ও জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।
বিজিবি সিও আরও জানান, চলতি বছরে সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। পাশাপাশি চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন