প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারীর সৈয়দপুরে স্কুল থেকে মেয়ে নিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরিফুল ইসলাম (৪২) নামের এক সার ব্যবসায়ী। এই ঘটনায় তাঁর পঞ্চম শ্রেণির মেয়ে সুপ্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে শহরের ওয়াপদা মোড় গোলচত্বর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত আরিফুল ইসলাম সৈয়দপুর ওয়াপদা নয়াহাট দোলাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। আহত সুপ্তি শহরের গোলাহাট নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, যার মা একই বিদ্যালয়ে শিক্ষিকা। গুরুতর আহত অবস্থায় সুপ্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর মেয়েকে মোটরসাইকেলে করে ওয়াপদা মোড় হয়ে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম। ওয়াপদা গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি মোটরসাইকেলসহ চালককে প্রায় ৫০০ গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাথা পিষ্ট হয়ে আরিফুল ইসলামের মৃত্যু ঘটে এবং তাঁর মেয়ে মারাত্মকভাবে আহত হয়।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ শুরু করেন। তারা ঘাতক বাসচালককে দ্রুত গ্রেপ্তার, ব্যস্ততম এই সড়কে গতিরোধক ও পুলিশ বক্স নির্মাণ এবং গোলচত্বরে টাঙানো ব্যানার অবিলম্বে অপসারণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, গোলচত্বরটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ঢেকে রাখায় বিপরীত দিক থেকে আসা যানবাহন ঠিকমতো দেখা যায় না, যা এই প্রাণঘাতী দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।
সড়ক অবরোধের কারণে রংপুর, দিনাজপুর ও নীলফামারীগামী গুরুত্বপূর্ণ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন