প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তরাঞ্চলের কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৬৮ টাকা দরে নতুন আলু ক্রয় করা হচ্ছে, যা রাজধানী ঢাকার খুচরা বাজারে ১২৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। উৎপাদন এলাকা থেকে ঢাকার বাজারে আসার সময় প্রতি কেজি আলুর দাম প্রায় ৮০ টাকার ব্যবধান তৈরি হচ্ছে। যদিও আগাম নতুন আলুর সরবরাহ শুরু হয়েছে, তবে উচ্চ দামের কারণে ক্রেতাদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।
রাজধানীর বিভিন্ন বাজারে পরিদর্শন করে দেখা গেছে, দেশি নতুন আলুর দাম প্রতি কেজি ১২৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি করা আলুর দাম দেশির তুলনায় প্রায় একই, যা ১৩০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি দেশি আলু ৮০ থেকে ৯০ টাকা এবং ভারতীয় আলু ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
দৈনিক আমার দেশ-এর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, কিশোরগঞ্জের কৃষকরা কারেজ ও সেভেন জাতের আগাম আলু উত্তোলন করছেন। তারা আলু রোপণের মাত্র ৫৫ দিনের মাথায় আলু তুলছেন এবং প্রতি কেজি ৬৮ টাকা দরে বিক্রি করছেন। পাইকাররা ক্ষেত থেকেই আলু সংগ্রহ করছেন। ১০০ শতাংশ জমি থেকে ১০ হাজার টাকার উপরে আয় হবে বলে ধারণা আলুচাষিদের।
তিনি আরও জানান, দেশে কিশোরগঞ্জ উপজেলায় প্রথম আলু তোলা হয়। আগামী ১ সপ্তাহ পর পুরোদমে আলু তোলা শুরু হবে, তখন আলুর দাম আরও কমে যেতে পারে। এখানকার কৃষকরা যদি লোকসান গুনেন, তবে পরবর্তী মৌসুমে আরও উদ্যম নিয়ে আলু চাষ করবেন।
বাজার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, কৃষকরা জমি থেকেই প্রতি কেজি নতুন দেশি আলু ৬৮ টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করছেন। কিন্তু রাজধানীর পাইকারি বাজারে পৌঁছানোর আগেই প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা ব্যবধান তৈরি হচ্ছে। খুচরা বাজারে সেই ব্যবধান বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ৮০ টাকায়। দাম বেশি হওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতারা শুধু জিজ্ঞেস করেই চলে যাচ্ছেন। কিছু ক্রেতা শখের বশে অল্প পরিমাণ কিনছেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। অপরদিকে, গত মৌসুমে উৎপাদিত পুরাতন আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে।
কারওয়ান বাজারে দুই-তিনজন খুচরা সবজি ব্যবসায়ীকে নতুন আলু বিক্রি করতে দেখা গেছে। বাকি সবাই পুরাতন আলু বিক্রি করছেন। ব্যবসায়ীরা জানান, নতুন আলুর দাম বেশি হওয়ায় ক্রেতা কম। দাম কম হলে পুরাতন আলুর ক্রেতা বেশি। আবার দেশি আলু ছোট হওয়ায় ক্রেতারা কিনতে চান না। ফলে বাজারে ভারতীয় নতুন আলুর চাহিদা তুলনামূলক বেশি বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী ছানোয়ার মোল্লা বলেন, "বাজারে সেভাবে নতুন আলু আসা এখনও শুরু হয়নি। এজন্য আলুর দাম অনেক বেশি। আমার কাছে দেশিটা নেই, ইন্ডিয়ানটা আছে। ১০০-১১০ টাকা কেজি দরে বস্তা ধরে পাইকারি কিনতে হয়েছে। বস্তা থেকে ধুলা এবং কাটা ও পচা আলু বের হয়, সেগুলো বাদ দেওয়ার পর ১৩০ টাকা কেজি দরে বিক্রি করছি। এছাড়া আরও অন্যান্য খরচ আছে। ফলে আলুতে লাভ থাকে না বললেই চলে।"
একই বাজারের সবজি ব্যবসায়ী মোবারক হোসেনকে দেশি ও ভারতীয় নতুন আলু বিক্রি করতে দেখা যায়। তিনি দেশি আলু ১৫০ টাকা এবং ভারতীয় আলু ১৬০ টাকা দরে বিক্রি করছেন। বেশি দাম নেওয়ার ব্যাপারে তিনি বলেন, "আমি সরাসরি বস্তা ধরে আলু কিনি না। এই আড়তে যারা বস্তা ধরে আলু কেনেন, তাদের কাছ থেকে বাছাই করে তুলনামূলক বড় আকারের আলু ২০-২৫ কেজি দরে কিনে বিক্রি করি। আমার কেনা পড়েছে ১২০-১২৫ টাকা কেজি এবং এর সঙ্গে আরও কিছু খরচ আছে।"
"১৫০ টাকায় বিক্রি না করলে পেট চলবে কীভাবে—প্রশ্ন রেখে তিনি বলেন, এখন বাজারে নতুন আলু খুবই কম আসছে। আর ১০-১৫ দিন পর পুরোদমে বাজারে নতুন আলু বিক্রি হবে। তখন এই আলুর দাম ৪০-৫০ টাকা কেজি হয়ে যাবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন