প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মন্তব্য করেছেন যে, পাসপোর্ট বা পেট্রোপোল নাটকের কোনো সম্ভাবনা নেই এবং নিজের কর্মকাণ্ড ও দায়িত্বের কারণে গোপালগঞ্জের সিরিজেই আওয়ামী লীগ ইতিমধ্যে ‘হোয়াইট ওয়াশ’ হয়ে গেছে। সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও বিশ্লেষণে তিনি সমসাময়িক রাজনীতি, শেখ হাসিনার দেশে ফিরে আসা, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন।
ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে নিয়ে যে কোনো আলোচনা থাকুক, সেখানে ভারত জড়িত। তার মতে, ভারত ছাড়া পলাতক বা দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের করার কিছু নেই এবং তারা বর্তমানে দিল্লির কাছে জিম্মি হয়ে পড়েছে। জাতিসংঘের প্রতিবেদনের পর তারা সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনগুলোর প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, কিছু ভারতীয় সাংবাদিক ও সূত্র ব্যবহার করে 'মোজাম্মেল হক' বা 'আলী নাইম'-এর মতো কাল্পনিক চরিত্র তৈরি করে সংবাদ পরিবেশন করা হচ্ছে। এর মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার আত্মসমর্পণ বা বিমানে দেশে ফেরার বিষয়ে যে আলোচনা তৈরি করা হচ্ছে, তার পেছনে তিনটি সুনির্দিষ্ট বয়ান (ন্যারেটিভ) প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে তিনি মনে করেন।
ফুয়াদের বিশ্লেষণে সেই তিনটি বয়ান হলো-
১. দিল্লি প্রতিষ্ঠা করতে চায় যে শেখ হাসিনা দেশে ফিরতে চান এবং যেভাবে তাকে সামরিক বিমানে নিয়ে যাওয়া হয়েছিল, সেভাবেই ফেরত পাঠানো হোক; পাশাপাশি তাকে পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হোক।
২. বাংলাদেশ সরকার তাকে নিতে আগ্রহী নয়- এমন একটি ধারণা তৈরি করা।
৩. আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসন করা না হলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে, দেশ অস্থিতিশীল হয়ে পড়বে এবং ভারতের মতো দেশের সাথে সুসম্পর্কের সুফল থেকে বাংলাদেশ বঞ্চিত হবে।
তিনি অভিযোগ করেন, দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে এই বক্তব্যগুলোই বারবার প্রচার করা হচ্ছে।
গার্মেন্টস খাতের অস্থিরতা প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন, মজুরি বোর্ড গঠনের পরও ভারত ও আওয়ামী লীগ মিলে আওয়ামী শ্রমিক নেতা ও সংগঠনগুলোকে ব্যবহার করে শ্রমিক অসন্তোষ উসকে দিয়েছে। তিনি উল্লেখ করেন, ঠিক এই সময়েই 'দ্য ইকোনমিস্ট'-এ বাংলাদেশের গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়ে পরপর দুটি নিবন্ধ প্রকাশিত হয়।
তিনি বলেন, বর্তমানে ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে, পশ্চিমা দেশগুলোতে ক্রিসমাস, বক্সিং ডে ও নিউ ইয়ার উপলক্ষে ডিসেম্বর মাস হলো কেনাকাটার প্রধান মৌসুম এবং বাংলাদেশের গার্মেন্টস ব্যবসার ‘পিক টাইম’। ঠিক এই সময়ে সহিংসতা তৈরি করায় বিজিএমইএ-এর তথ্যমতে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার অর্ডার ইতিমধ্যে ভারত, কম্বোডিয়া ও ভিয়েতনামে চলে গেছে। এটিকে একটি পরিকল্পিত স্নায়ুযুদ্ধ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, জনগণের দৃষ্টি গোপালগঞ্জের দিকে আটকে রেখে অর্থনৈতিকভাবে এই ক্ষতি সাধন করা হচ্ছে।
শেখ হাসিনার পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট চাওয়ার বিষয়টিকে 'অজুহাত' হিসেবে অভিহিত করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, যাওয়ার সময় তিনি বলেছিলেন 'শেখ হাসিনা পালায় না', কিন্তু বাস্তবে কোনো পাসপোর্ট, ভিসা, কূটনৈতিক প্রোটোকল বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই বিমানবাহিনীর সি-১৩০ বিমানে করে তিনি দিল্লি চলে যান। এই পুরো প্রক্রিয়ায় জড়িত বাংলাদেশের ৫-১০ জন কর্মকর্তাকে সংসদীয় স্থায়ী কমিটিতে এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তিনি।
এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন কাদের পরামর্শে বা এখতিয়ারে ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ৬৫০ জন আওয়ামী লীগ নেতাকে আইনের আওতায় না এনে ছেড়ে দেওয়া হলো, সে প্রশ্নও তোলেন তিনি। গোপালগঞ্জকেন্দ্রিক সাম্প্রতিক অভিযানে অনেক হাই-প্রোফাইল নেতা গ্রেপ্তার হলেও এখনো অনেকে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়ে আছেন বলে তিনি শুনতে পাচ্ছেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে দুটি পথ খোলা আছে। প্রথমত, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী তাকে ফেরত চাওয়া হয়েছে, যা ভারত বিবেচনাধীন রেখেছে বলে জানিয়েছে। দ্বিতীয়ত, তিনি চাইলে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে আত্মসমর্পণ করতে পারেন। হাইকমিশন প্রতিটি রাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের মতোই; সেখানে গিয়ে আত্মসমর্পণ করলে ছবি, বায়োমেট্রিক্স ও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাকে ওয়ান-ওয়ে ট্রাভেল পাস দিয়ে ঢাকায় এনে গ্রেপ্তার দেখানো যাবে। এরপর আদালতে তার কোনো আইনি সুযোগ থাকলে তিনি তা লড়তে পারবেন, অন্যথায় আদালতের রায় কার্যকর হবে।
এ প্রসঙ্গে তিনি উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবং পেরুর সাবেক প্রধানমন্ত্রী আলবার্তো ফুজিমোরির উদাহরণ টানেন। তিনি উল্লেখ করেন, জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডর দূতাবাসে সাত বছর আশ্রয়ে থাকার পর 'গিল্টি প্লি' ও 'প্লি বার্গেন'-এর মাধ্যমে আত্মসমর্পণ করে যুক্তরাষ্ট্রে যান এবং কারাভোগ শেষে মুক্ত হন। একইভাবে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত পেরুর সাবেক প্রধানমন্ত্রী আলবার্তো ফুজিমোরি জাপানে আশ্রয় নেওয়ার পর প্রত্যর্পণ চুক্তিতে হস্তান্তর না হলেও পরবর্তীতে চিলি হয়ে পেরুতে গিয়ে আত্মসমর্পণ ও কারাভোগ করেছিলেন। ফুয়াদ বলেন, শেখ হাসিনাও চাইলে 'গিল্টি প্লি' ও 'প্লি বার্গেন'-এর মাধ্যমে আত্মসমর্পণ করে সরকারের সাথে আলোচনার পথ বেছে নিতে পারেন।
পেট্রাপোল সীমান্তে নেতাকর্মীদের যাতায়াত এবং শামীম ওসমানের অসুস্থতার খবরের সমালোচনা করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ডিসেম্বরে দেশে ফেরার কথা থাকলেও শোনা যাচ্ছে শামীম ওসমান ক্যান্সারে আক্রান্ত এবং নেত্রী তাকে আসতে নিষেধ করেছেন। তিনি কটাক্ষ করে বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না; ডিসেম্বরে শুধু শীত এবং শীতের পাখি আসবে। তার মতে, শেখ হাসিনার সেই সাহস থাকলে ৫ আগস্ট তিনি গণভবনেই থাকতেন।
গত দুই সপ্তাহে আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে তাদের সাথে কোনো ধরনের সমঝোতা বা রিকনসিলিয়েশনের জায়গা অবশিষ্ট নেই বলে মন্তব্য করেন এবি পার্টির এই নেতা। তিনি বলেন, গোপালগঞ্জই ছিল আওয়ামী লীগের সর্বোচ্চ শক্তি প্রদর্শনের জায়গা, কিন্তু সেখানেই তারা পরাজিত হয়েছে এবং নিজেরা মারামারি ও খুনোখুনি করে একটি সন্ত্রাসী সংগঠনের তকমা প্রমাণ করেছে। এই স্পর্শকাতর পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সাথে সামাল দেওয়ার জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার খবরগুলো নিছক কল্পকাহিনী ও নাটক, যার চূড়ান্ত পরিণতি হবে হতাশা। বর্তমানে পলাতক ও সিম পরিবর্তন করে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যে ধরপাকড় চলছে, তা আগামীতে আরও জোরদার হবে এবং গত দুই-আড়াই বছরে তারা যে কিছুটা স্বস্তিতে ছিল, সেই পরিস্থিতি তাদের জন্য আরও কঠিন হয়ে উঠবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন