প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আরও সাত কার্যদিবস সময় চেয়েছে। তদন্তের স্বার্থে আলামতের ফরেনসিক প্রতিবেদন না পাওয়ার কারণে এই সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন থাকলেও তা সম্ভব হয়নি। কুষ্টিয়া সার্কিট হাউসে চার সদস্যের তদন্ত কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকটি দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত হয় এবং কমিটির প্রধান ও কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেলা ১২টার দিকে কমিটির সব সদস্য বৈঠকে বসেন এবং সর্বসম্মতিক্রমে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ফরেনসিক প্রতিবেদন পেতে কিছুটা সময় লাগছে। ফরেনসিক প্রতিবেদন হাতে পাওয়ার পর অন্যান্য তথ্য-উপাত্তের সঙ্গে সেগুলো সমন্বয় করে চূড়ান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এর আগে গত ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। কমিটির অন্য সদস্যরা হলেন— বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
গত ১১ নভেম্বর গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ হওয়া যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে।
এদিকে আলোচিত এই অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন