প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানির কর্তৃপক্ষ একটি শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কান্নাকাটি করায় এক নারীকে জরিমানা করেছে। শিশুসন্তান সঙ্গে না নিয়ে বেঞ্চে বসে থাকার জন্য তাকে ২৫ ইউরো জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৫০০ টাকার সমান।
ডব্লিউডিআরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৫ অক্টোবর গেলজেনকির্শেন শহরে এই ঘটনা ঘটে। ৩১ বছর বয়সী হানা নামের ওই নারী একটি পার্কের বেঞ্চে বসে তার খালার সঙ্গে ফোনে কথা বলছিলেন।
হানা পড়াশোনা ও আর্থিক সংকটের কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন। তিনি কিছুটা দূরে থাকতে হাঁটতে বের হন এবং একপর্যায়ে পার্কের বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েন। হানা বলেন, “সে সময় পড়াশোনা ও আর্থিক বিষয় নিয়ে আমি প্রচণ্ড চাপে ছিলাম। আমি শুধু একা থাকতে চেয়েছিলাম, চাইছিলাম কেউ যেন আমাকে দেখতে না পায়।”
কিন্তু তিনি জানতেন না, ওই শহরের নিয়ম অনুযায়ী শিশু সঙ্গে না থাকলে খেলার মাঠে বসে থাকা নিষিদ্ধ। শহরের তিনজন কর্মকর্তা তার কাছে এসে জানতে চান, দোলনায় খেলতে থাকা দুটি ছেলে তার সন্তান কি না। হানা জানান, তারা তার সন্তান নয়। এরপরই তাকে ২৫ ইউরো জরিমানা করা হয়।
গেলজেনকির্শেনের পৌরসভার নিয়ম অনুযায়ী, শিশুদের খেলার মাঠ মূলত ১৪ বছর বা তার কম বয়সিদের জন্য নির্ধারিত। অভিভাবকসহ প্রাপ্তবয়স্করা কেবল শিশুদের সঙ্গে থাকলেই সেখানে প্রবেশ করতে পারেন।
এই ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন হানা। তিনি বলেন, “এখানে মানবিকতা কোথায়? কাউকে কাঁদতে দেখলে প্রথমেই কি জিজ্ঞেস করা যায় না, আপনি ঠিক আছেন? কোনো সাহায্য লাগবে? এরপর তারা আমাকে বুঝিয়ে বলতে পারতেন যে শিশু ছাড়া এখানে বসে থাকা নিষেধ।”
স্থানীয় বাসিন্দারাও কর্মকর্তাদের আচরণে বিস্ময় প্রকাশ করেছেন। একজন ব্যক্তি বলেন, “একজন নারী একটু বিশ্রাম নিতে চেয়েছেন, আর এ জন্য তাকে জরিমানা করা হয়েছে। বিষয়টি আমার কাছে হাস্যকর মনে হয়েছে।”
৬৪ বছর ধরে ওই এলাকায় বসবাসকারী এক নারী বলেন, “আমি সব সময় এই বেঞ্চে বসেছি। কখনো কেউ এসে আমাকে জিজ্ঞাসাবাদ করেনি।” আরেক বাসিন্দা ঘটনাটিকে ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন।
তবে নগর কর্তৃপক্ষ কর্মকর্তাদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। সিটি কাউন্সিলের সদস্য সিমন নোভাক বলেন, “শিশুদের খেলার মাঠ শিশুদের জন্যই। তাই সাধারণভাবে শিশু ছাড়া প্রাপ্তবয়স্কদের সেখানে অবস্থান নিষিদ্ধ।”
কর্তৃপক্ষের দাবি, অননুমোদিতভাবে খেলার মাঠ ব্যবহার বন্ধ করা এবং শিশু অপহরণের ঝুঁকি কমাতেই এ নিয়ম চালু করা হয়েছে।
এদিকে খেলার মাঠে অনুমতি ছাড়া প্রবেশ বা বেঞ্চে একা বসে থাকার মতো ঘটনায় জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছে নগর কাউন্সিল। বর্তমানে এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৫৫ ইউরো জরিমানার বিধান রয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে তা বাড়িয়ে ৬০ ইউরো করা হতে পারে।
তথ্যসূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন