প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিজয় দিবসের আগে বাংলাদেশ দখলের হুমকি দিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ১৭ কোটি মানুষের একটি দেশ দখলের এমন বক্তব্যের প্রেক্ষিতে, অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার অতীত, বিতর্কিত কর্মকাণ্ড ও বিচারাধীন মামলার বিবরণ তুলে ধরে কড়া জবাব ও ব্যঙ্গাত্মক বিশ্লেষণ করেছেন। তিনি ওই মন্ত্রীর নৈতিক অবস্থানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, যিনি নিজের শহরে একটি নর্দমা তৈরি করতে ব্যর্থ হয়েছেন এবং হলফনামায় ১১৯টি ফৌজদারি মামলার কথা উল্লেখ করেছেন। এছাড়া, বারবার দলবদলের ইতিহাসও তুলে ধরেছেন।
সম্প্রতি অর্জুন সিং সাংবাদিকদের চরম উসকানি দিয়ে বলেন, ভারত আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে। তিনি বিজয় দিবসকে এই দখলের সময় হিসেবে বেছে নিয়েছেন। তার এই উক্তি নিয়ে তোলপাড় চলছে।
সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে যে পোস্টটি দিয়েছেন, সেটি উল্লেখযোগ্য:
"ট্যাংক নামানোর আগে দেশবাসীর পক্ষ থেকে একটি ছোট প্রশ্ন: সেই নর্দমাটির কি কোনো খোঁজ পাওয়া গেছে?"
সিং ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন সেখান থেকে ৪ কোটি ৫২ লাখ রুপি উধাও হয়ে যাওয়ার অভিযোগে ২০২০ সালে পুলিশ একটি মামলা করেছে। পয়ঃনিষ্কাশন লাইন বা নর্দমা তৈরির জন্য ওই অর্থ পরিশোধ করা হয়েছিল, কিন্তু পুলিশের ভাষ্যমতে, সেই নর্দমাটি বাস্তবে অস্তিত্বশীল হতেই ভুলে গিয়েছিল। যে ঠিকাদার প্রতিষ্ঠানটি ওই টাকা নিয়েছিল, সেটি তার আত্মীয়দের বলে জানা যায়। অর্থাৎ, যে ব্যক্তি নিজের শহরে একটি নর্দমা পর্যন্ত তৈরি করতে পারেননি, তিনি এখন তিন সপ্তাহের মধ্যে একটি দেশ দখল করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার সাম্প্রতিক মন্তব্য শুনে আমার সন্দেহ হচ্ছে, নর্দমাটি শেষ পর্যন্ত তৈরি হয়েছিল ঠিকই—তবে তা এখন তার মুখ দিয়েই প্রবাহিত হচ্ছে।
এখন আসা যাক তার নির্বাচনী হলফনামার প্রসঙ্গে। চলতি বছরের এপ্রিলে দাখিল করা ওই হলফনামায় তার বিরুদ্ধে ১১৯টি ফৌজদারি মামলা বিচারাধীন থাকার তালিকা রয়েছে, যা ২০১৯ সালে ছিল ২৪টি। অধিকাংশ রাজনীতিবিদ তাদের ভোটের হার বাড়ান, আর মি. সিং তার মামলার তালিকা পাঁচ গুণ বাড়িয়েছেন। নথিটি ছিল ৯৩ পৃষ্ঠার। ভারতের নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এডিআর মন্ত্রীদের নিয়ে তৈরি তাদের প্রতিবেদনে তার নাম অন্তর্ভুক্ত করতে পারেনি, কারণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা কপিটি ছিল অস্পষ্ট ও পাঠের অযোগ্য। ১৬ ডিসেম্বর কী ঘটবে তা ভবিষ্যৎই বলে দেবে। আপাতত অর্জুন নির্বাচন কমিশনের স্ক্যানারকে পরাজিত করার কৃতিত্ব নিয়েই সন্তুষ্ট থাকতে পারেন।
এবং এই বর্ণাঢ্য জীবনবৃত্তান্তই তাকে মন্ত্রিসভায় জায়গা করে দিয়েছে। প্রকৃতপক্ষে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, এই একই মন্ত্রিসভা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনে একটি কমিশন গঠনের অনুমোদন দিয়েছিল। সম্ভবত মোদিজির দলের একজন নিজস্ব পরামর্শকের প্রয়োজন ছিল।
অর্জুন বলেন, প্রতিটি মামলাই রাজনৈতিক প্রতিহিংসা। হতে পারে। তিনি নিঃসন্দেহে প্রতিটি দলকেই তাকে হেনস্তা করার সুযোগ করে দিয়েছেন: কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আবার তৃণমূল, পুনরায় বিজেপি। লোকটি হোটেলের বয়দের চেয়েও বেশিবার দলবদল করেছেন।
সুতরাং, মন্ত্রী অর্জুন, নিজ দেশে ১১৯টি মামলা মাথায় নিয়ে আপনি কোন নৈতিক অবস্থানে দাঁড়িয়ে একটি সার্বভৌম প্রতিবেশী রাষ্ট্রকে ‘প্রতিশোধের’ হুমকি দেন? যেকোনো একটির উত্তর দিন, মাত্র একটির—শুরুটা নর্দমা দিয়েই হোক।
১৬ ডিসেম্বর আসবে, এবং আমরা প্রতিবারের মতোই দিনটি উদযাপন করব। আপনি চাইলে তা দেখতে আসতে পারেন। বাসে আসুন কিংবা সেই নর্দমা দিয়ে- পছন্দ আপনার। যেভাবেই আসুন না কেন, আপনাকে আতিথ্য দিতে পারলে আমরা আনন্দিত হব। বিদায়!
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন