প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার ধামরাইয়ে যুবলীগের এক কর্মীকে ধরার উদ্দেশ্যে বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে না পেয়ে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অভিযানটি অনুষ্ঠিত হয়।
গ্রেপ্তার হওয়া মোহাম্মদ কলিম উদ্দিন (৬০) ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামের বাসিন্দা। জানা গেছে, তার ছেলে ইঞ্জিনিয়ার রিফাত আহমেদ যুবলীগের কর্মী।
কলিম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৫০) জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জন পুলিশ এসে বাড়ির দরজায় কড়া নাড়ে। পুলিশ নিজেদের পরিচয় দেওয়ার পর তার স্বামী দরজা খুলে দেন। ওই সময় তিনি, তার স্বামী, মেয়ে ও ছেলের বউ বাড়িতে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, পুলিশ প্রথমে তার ছেলে রিফাত সম্পর্কে জানতে চায়। তিনি জানান, ছেলে বাড়িতে নেই এবং রাজনীতির কারণে তার সঙ্গে যোগাযোগ নেই। এরপর পুলিশ তার স্বামীকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে থানায় নিয়ে যাওয়ার পর রবিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
হাসিনা বেগম বলেন, আমার স্বামী কৃষক এবং তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তার নামে কোনো মামলা নেই। ছেলে রাজনীতি করে বলে আমার স্বামীকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করেছে এবং হয়রানির মধ্যে ফেলে দিয়েছে।
কলিম উদ্দিনের মেয়ে হ্যাপী আক্তার জানান, আমার ভাই রাজনীতি করে, এটি সত্য। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি বাড়িতে আসেন না। তার সঙ্গে আমাদের যোগাযোগও নেই। আমার বাবা কখনো রাজনীতি করেননি। ভাইকে না পেয়ে পুলিশ বাবাকে নিয়ে গেছে। তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো অন্যায় হয়েছে।
জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, কলিম উদ্দিনের ছেলে রিফাত আহমেদ যুবলীগের নেতা। তার নেতৃত্বে কিছুদিন আগে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। কাউলিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি পুলিশ দল রিফাতের বাড়িতে অভিযান চালিয়েছে। তার পুরো পরিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক। এই কারণে কলিম উদ্দিনকে পেন্ডিং একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
কলিম উদ্দিনের নামে কোনো মামলা আছে কি না, বা তিনি আওয়ামী লীগের কোনো পদধারী নেতা কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তার নামে কোনো মামলা ছিল না। তিনি আওয়ামী লীগের সমর্থক, এই তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন