প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গুগল নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করেছে, যা মানুষের মতো দেখতে রোবটকে আরো দক্ষ ও নির্ভুলভাবে কাজ করতে সক্ষম করে। ‘জেমিনি রোবোটিকস ২.৫’ নামক এই মডেল ব্যবহার করে গাড়ির কারখানায় যন্ত্রাংশ বাছাই ও সাজানোর পরীক্ষায় রোবট ৯৬ শতাংশ সফলতা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মডেলটি সূক্ষ্ম কাজ করার পাশাপাশি কারখানার পুনরাবৃত্তিমূলক কাজেও রোবটের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গুগল ডিপমাইন্ডের তৈরি এই মডেলটি রোবটকে বিভিন্ন ধরনের কাজ দ্রুত শিখতে এবং আরো সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে সহায়তা করে। আগের মডেলগুলোর তুলনায়, নতুন মডেলে রোবটের হাতের সূক্ষ্ম নড়াচড়া, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তার উন্নতি হয়েছে।
গুগল ডিপমাইন্ডের রোবোটিকস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান ক্যারোলিনা পারাড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নতুন মডেলটির উন্মোচনের ঘোষণা দেন। তিনি একে প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত সবচেয়ে সক্ষম ভিশন-ল্যাঙ্গুয়েজ-অ্যাকশন (ভিএলএ) মডেল হিসেবে উল্লেখ করেন।
সূক্ষ্ম কাজেও দক্ষ রোবট
জেমিনি রোবোটিকস ২.৫-এর সক্ষমতা যাচাই করতে গুগল ২০০টির বেশি কাজের পরীক্ষা পরিচালনা করেছে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে চিমটা দিয়ে খাবার পরিবেশন, উপহারের বাক্সে ফিতা বাঁধা এবং পাইপেট দিয়ে নির্দিষ্ট পরিমাণ তরল স্থানান্তর করা। এই ধরনের কাজগুলোতে সূক্ষ্ম নড়াচড়া ও নিয়ন্ত্রণের প্রয়োজন হয়।
গুগলের দাবি, নতুন মডেল ব্যবহারকারী রোবটের সফলতার হার আগের মডেলগুলোর তুলনায় ৩০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেশি। একই সঙ্গে কাজ সম্পন্ন করতে সময়ও ২০ থেকে ৩০ শতাংশ কম লাগে।
গাড়ির কারখানায় ৯৬ শতাংশ সফলতা
নতুন এআই মডেলটির বাস্তব প্রয়োগ যাচাইয়ের জন্য গুগল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ এবং রোবট নির্মাতা অ্যাপট্রনিকের সঙ্গে কাজ করেছে। হাঙ্গেরি ও জার্মানির গাড়ি কারখানায় অ্যাপট্রনিকের অ্যাপোলো ২ হিউম্যানয়েড রোবট ব্যবহার করে পরীক্ষা চালানো হয়।
পরীক্ষায় রোবটগুলো বড় পাত্রে রাখা বিভিন্ন গাড়ির যন্ত্রাংশের মধ্যে থেকে প্রয়োজনীয় অংশ বেছে নেয় এবং নির্দিষ্ট ক্রম অনুযায়ী ট্রেতে সাজায়। এই কাজে রোবটগুলো ৯৬ শতাংশ সফলতা অর্জন করে। মানুষের মাধ্যমে করানো হলে যে কাজ বারবার করতে হয়, তা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার সম্ভাবনা তৈরি হয়েছে এই পরীক্ষায়।
নিরাপত্তায়ও গুরুত্ব দিচ্ছে গুগল
নতুন মডেলে কাজের গতি বা নির্ভুলতা ছাড়া আশপাশের মানুষ ও সম্ভাব্য বিপদ শনাক্ত করার সক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে। গুগলের ভাষ্য অনুযায়ী, রোবট আশপাশে মানুষ বা বাধা শনাক্ত করে তাৎক্ষণিকভাবে নিজের চলাচলের ধরন পরিবর্তন করতে পারে।
প্রতিষ্ঠানটির পরীক্ষায় দেখা গেছে, নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা ব্যবহারের ফলে বাধার আশপাশে নিরাপদে কাজ সম্পন্ন করার সক্ষমতা ৩৩ শতাংশ এবং মানুষের আশপাশে নিরাপদে কাজ করার সক্ষমতা ৪৩ শতাংশ বেড়েছে।
এ ছাড়া ‘অ্যাসিমভ-জেলব্রেক’ নামে একটি উন্মুক্ত বেঞ্চমার্কও চালু করছে গুগল। এর মাধ্যমে সাধারণ অনুরোধের আড়ালে দেওয়া অনিরাপদ নির্দেশনা রোবট শনাক্ত ও প্রত্যাখ্যান করতে পারে কি না, তা পরীক্ষা করা যাবে।
গুগলের মতে, নতুন মডেলের এসব উন্নতি রোবটকে কারখানার বাইরেও মানুষের সঙ্গে কাজ করার উপযোগী করে তুলতে সহায়তা করতে পারে। তবে বাস্তব পরিবেশে এর নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও পরীক্ষা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন