প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ সোমবার, ৫ অক্টোবর। সময় প্রায় ১১টা। শাহবাগ মোড়ে দাঁড়িয়ে আছি। বিভিন্ন ধরনের যানবাহনের দিকে নজর দিচ্ছি। আমার গন্তব্য আর্মানিটোলা। বাস ও রিকশার দিকে তাকাচ্ছি, কিন্তু কোন বাস যাবে তা জানি না। ভ্যাবসা গরমে মুখোমুখি অবস্থান।
বর্তমানে আমি দিশারি নামে একটি ডাইরেক্ট বাসের শেষ দিকের সিটে বসে আছি। তাপমাত্রার কারণে বেশ গরম অনুভব হচ্ছে। উপরের পাখাটা একরোখা, এটি কাজ করছে না। এটাই এর স্বভাব। আর্মানিটোলায় কোন বাস যায় তা জানি না, তাই বাবুবাজারের বাসে উঠলাম। এই অদ্ভুত পরিস্থিতিতে কবিতা মনে আসছে—
‘আব্বা কইতো
বাঁচলে বাঁচার মতো বাঁচ
"স্রোতে ভাসে তো মরা মাছ।"
এখন আমি একজন ভদ্রলোকের সহায়তায় আর্মেনিয়ান চার্চের গেটে পৌঁছেছি। গেটে একজন পাহারাওয়ালা রয়েছেন। খাতায় নাম এন্ট্রি করে ভেতরে প্রবেশ করলাম। সময় ১২টা ২৫। ঢুকতেই খ্রিষ্টান সিমেট্রির দেখা মেলে। মাঝখানে অবস্থিত চার্চটির নাম আর্মেনিয়ান চার্চ। ১৭৮১ সালে আর্মেনীয় ব্যবসায়ী আগা মিনাস ক্যাচিকের উদ্যোগে এই আরমানিটোলা এলাকায় চার্চটি নির্মিত হয়। হাঁটার সময় অতি প্রাচীন টমের দেখা মেলে। কিছু কিছু টমে আর্মেনিয়ান ভাষার ব্যবহার লক্ষ করা যায়। খানিক বাঁক নিলেই জেসাস ক্রাইস্টের অবয়ব দেখা যায়, যদিও এর ডান হাতের দেখা মেলে না। পেছনে একটি লাল রঙের ভবনের অস্তিত্ব দেখা যায়। সামনে লেখা—‘দর্শনার্থীদের প্রবেশ নিষেধ।’ অনেকগুলো টমে নামফলকও নেই। নিশ্চয়ই নাম-পরিচয় নেই। তাহলে পরিচয় কী! মরার পরও নাম কেন থাকে! আমাদের নাম পরিবার রাখে। আদমের নাম কে রাখল!
রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। গন্তব্য তারা মসজিদ। নানা অলিগলি ঠেলে আজব সংমিশ্রণের ঘ্রাণ নাকে টেনে হাঁটছি। পায়ের জুতার আওয়াজ শুনতে পাচ্ছি।
তারা মসজিদের প্রাঙ্গণে এসে পৌঁছলাম। এই মসজিদের সামনে তারকা স্টাইলে ঝরনা আছে। সামনে বড় করে লেখা ‘তারা মসজিদ’। ভেতরে স্থান সংকুলান। প্রতিটি নকশায় তারকা। আচ্ছা, তারা মসজিদের প্রতিষ্ঠাতার নাম যদি হতো বারা তারা!
মুহূর্তেই বৃষ্টি নামল। সাহিত্যে যে বৃষ্টি দেখা যায়, এর বর্ণনা তার চেয়ে ভিন্ন। দুজন বিদেশি পর্যটক অসহায়ের মতো বারান্দায় বসে আছেন।
বৃষ্টি থামল। এবারের গন্তব্য করতলব খান মসজিদ। এর নির্মাতা নাকি মুর্শিদকুলি খান। পূর্বনাম করতলব। ১৭০০-১৭০৪ সালের আশপাশে এটি তৈরি হয়। আবার বৃষ্টি। কতক্ষণ থামতে হয় কে জানে!
করতলব খান মসজিদের অস্তিত্ব বাইরে থেকে একেবারেই দেখা মিলছে না। আরেকটি মোড় বাঁক নেওয়ার পর মসজিদের দেখা মিলল। ডান দিকের সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। মূল মসজিদে ঢোকার আগে হাতের বাঁয়ে খানিক খালি জায়গার দেখা মিলল। এখান থেকে এই মসজিদের পাঁচটি গম্বুজের দেখা খানিকটা মেলে। দেশের একমাত্র বাওলি (ধাপযুক্ত কুয়াবিশেষ) বোধ হয় এখানেই দেখা মেলে। সোজা ভেতরে ঢুকলেই উপরে ওঠার সিঁড়ি দেখা যায়। সেখানে একটি মাদরাসারও দেখা মিলবে। উপর থেকে এর পরিপূর্ণ সৌন্দর্য পরখ করা যায়। এই মসজিদের আশপাশে তাকালে একে ইন্ট্রোভার্ট-মসজিদ বলা যায়।
এখন আমি একটি আবদ্ধ মোড়ে দাঁড়িয়ে আছি। এই মোড়ের অবস্থা বাংলাদেশের অর্থনীতির মতো। গন্তব্য চকবাজার শাহী জামে মসজিদ। এই মসজিদের ফলক থেকে ধারণা করা হয়, এটি ১৬৬৪ খ্রিষ্টাব্দে সুবেদার শায়েস্তা খানের তত্ত্বাবধানে নির্মিত। দেশের অন্যতম প্রাচীন মসজিদ এটি।
অর্থনীতি মোড়ের স্থবিরতা ঠেলে এখন মসজিদের ভেতরে দাঁড়িয়ে আছি। মোগল স্থাপত্যশৈলীর দেখা মিলবে প্রতিটি কোণায়। বিশাল বড় মসজিদের বারান্দাজুড়ে শুয়ে আছে মানুষ। বিশ্রামের জন্য এটি বেশ আরামদায়ক। সময়ের হিসাব ভুলে যেতে হবে ছোট কাটরায়।
আমি এখন ছোট কাটরার নিচে দাঁড়িয়ে আছি। এই কাটরাটি নির্মিত হয় শায়েস্তা খানের আমলে আনুমানিক ১৭ শতকে। এটি দেখে বোঝার উপায় নেই, মোগল আমলে এমন স্থাপত্য ছিল। এখন এটি দেখতে অনেকটা তোরণের মতো মনে হচ্ছে। আশপাশে দোকানের মেলা। খানিক পথ গেলেই দেখা মেলে বড় কাটরার। একই অবস্থা। দেখে বোঝার উপায় নেই এর গুরুত্ব। ধ্বংসের অবশেষের আরো অবশেষে হায়াত পার করছে। এককালের সরাইখানা এখন দেখতে ডরাইখানা লাগে! হিসাব না কষে এবার ছুটতে হবে অন্যদিকে।
চকবাজারের সঙ্গেই দেখা মিলে পুরোনো কেন্দ্রীয় কারাগারের। এর স্থাপত্য অদ্ভুত সুন্দর। দূর থেকে তাকালে বোঝার উপায় নেই এটি কারাগার। খানিক এগিয়ে গেলেই দেখা মেলে প্রিজন সেন্টার মসজিদের। এর স্থাপত্যে নান্দনিকতা বিদ্যমান। লালে লাল দুনিয়া।
আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই স্থান থেকে বের হয় শিয়াদের তাজিয়া মিছিল। শাহ সুজার সময় মীর মুরাদ এটি তৈরি করেন। এই হুসাইনি দালানের পাশেই একটি পুকুর রয়েছে। ভেতরে ঢুকলেই নজরে পড়বে একটি মাজারজাতীয় কবর। এখানে প্রার্থনা করে লোকজন। এর ঠিক অপরদিকেই দেখা মেলে খোতবা হলের। ইরানি স্থাপত্যেরও খানিক দেখা মিলবে এখানে। মূল ফটক দিয়ে বের হলেই দেখা যায় হুসাইনি দালান মসজিদ। সময়ের হিসাবে বড্ড গরমিল দেখা যাচ্ছে।
গন্তব্য পাওয়া যাচ্ছে না। পুরোনো গলি ধরেই হাঁটার পরিকল্পনায় আছি। এখানকার রাস্তাগুলা দেশের পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারবে বলে মনে হচ্ছে না। এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম ঢাকেশ্বরী মন্দির। এটি জাতীয় মন্দির। ধারণা করা হয়, বল্লাল সেন এটি নির্মাণ করেন। এর সবচেয়ে নজরকাড়া অংশ হলো চারটি অভিন্ন শিবমন্দির।
এখন সময় ৪টা ৪০। আমি পুরোনো এক গলির ভেতর দিয়ে হাঁটছি। আলোর অস্তিত্ব এখানে বেমানান। গন্তব্য লালবাগ কেল্লা। গলির মোড় পেরিয়ে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। একটি কাউন্টার বন্ধ করে দিয়েছে। সময় শেষ।
শেষ যে টিকিটটা বিক্রি হয়েছে, তা আমার হাতে। লালবাগ কেল্লার দেখা মিলছে। ক্লাস টেনের আরবি ডায়ালগের কথা মনে আসছে; বানিয়ে লালবাগের ডায়ালগ। পরিবিবির উচ্চারণ পুওরিবি। এই দুর্গের দেখা দূর থেকে মিলছে। সূর্য বিদায় নেওয়ার সময় হয়েছে। আলোর ধরন আনারসি। নতুন পাকা টমেটোর মতো দেখাচ্ছে এই কেল্লাকে।
সামনে গিয়ে একটু বাঁয়ে গেলে দেখা মেলে একে একে অনেকগুলো কবরের; কিছু ভেতরে, কিছু বাইরে। দুর্গের একপাশে দেখা মেলে গোপন সুড়ঙ্গের। গেট বন্ধ। এটার কাজ কী ছিল! ঘোড়া হাঁকিয়ে কই ছুটত এই পথ দিয়ে। সুড়ঙ্গ!
এখন চারদিকে বাঁশি বাজছে। সময় শেষ। বের হতে হবে। বের হওয়ার আগে সুন্দর একটি সূর্যাস্তের দেখা মিলল। ঢাকায় এটা দেখা যায় জানতাম না। সূর্য ডুবে যাচ্ছে!
কেল্লার পাশেই মসজিদ। আমি এখন এটার বারান্দায় বসে আছি। হাত-পা ছেড়ে বসে আছি। সুন্দরভাবে দেখা মিলছে কেল্লার দৃশ্যের। মসজিদের পিলারগুলোয় ফাটল। আর কত বয়ে বেড়াবে সময়! ক্লান্তি আসে না! বোরডোম বা একঘেয়েমি আসে না! খসে যাক না! যেভাবে খসে গেছে এসবের কুলি-মিস্ত্রি। ডিজাইনার। গৌরব। নাম না জানা কিংবদন্তি। খসে যাইনি আমি! আলো ধীরে ধীরে চোখের সামনে হারিয়ে গেল। আমি হেলেদুলে বসে আছি। বসেই থাকব খসে পড়া অবধি।
লেখক: শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন