প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী ফুল, ফলদ ও ঔষধি গাছ বিতরণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বছরে পাঁচ কোটি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ চলছে। তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ লাগানো যথেষ্ট নয়, বরং প্রতিটি চারার সঠিক পরিচর্যা ও তদারকি নিশ্চিত করা আবশ্যক। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে এবং পরিবেশ বাঁচলে মানুষ সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে পারবে।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশের চালিকাশক্তি। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সরকার বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে। মেধা বিকাশে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় অভ্যস্ত করতে ‘বইপড়া কর্মসূচি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি মো. ইব্রাহিম খান সাদাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন। এছাড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন।
আয়োজকেরা জানান, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি বিদ্যালয়ে প্রায় দেড় হাজার ফুল ও ফলের গাছ বিতরণ করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে আরও ৫০০ গাছ বিতরণ করা হয়।
আয়োজকদের অন্যতম ফাহিম আশহাব রহমান মোল্লা আনন্দ বলেন, প্রতিটি গাছের সঙ্গে একটি কিউআর কোড সংযুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা গাছ লাগানোর পর কোডটি স্ক্যান করলে গাছটির তথ্য আয়োজকদের কাছে সংরক্ষিত হবে। এর মাধ্যমে বিতরণ করা গাছগুলোর তথ্য ও অবস্থান সংরক্ষণ করা সম্ভব হবে।
পরে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে একটি কাঠগোলাপ গাছ রোপণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন