প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনা ঘটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে। এনসিপি একই সঙ্গে মামলার পেছনের নেপথ্য ভূমিকা তদন্ত করে দায়ীদের পরিচয় প্রকাশ এবং রাজনৈতিক কারণে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে জানানো হয়, বুধবার সকালে রাজধানীর গুলশান থানার একজন উপপরিদর্শক (এসআই) গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় যান। মামলাটি ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় দায়ের করেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৫, ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এনসিপির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়েছিল। ২০১০ সাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন, আদালত অবমাননা ও মানহানির অভিযোগে এসব মামলা করেন। কিছু মামলায় রায়ও হয়েছে এবং তাকে সাজা ভোগ করতে হয়েছে। বিনা বিচারে দুই দফায় দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্রের মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয়েছিল মাহমুদুর রহমানকে। অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের আমলে রাজনৈতিক কারণে ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য আইনমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন। এরপরও মাহমুদুর রহমানসহ আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে চলমান মামলাগুলো নিয়ে এনসিপি প্রশ্ন তুলেছে।
বিবৃতিতে অবিলম্বে নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কীভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন