প্রিন্ট এর তারিখঃ ২৭শে নভেম্বর, ২০২৬ইং; ০৯:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ২৭শে নভেম্বর, ২০২৬ইং; ০৯:০১ পি.এম
রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের মামলায় গ্রেপ্তার ১১
রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবি, এসআরইউ ও সংশ্লিষ্ট থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, মোঃ মাসুদ (৫৭), মুছা আহমদ খান মন্টু (৪০), আলহাজ মোঃ রেজাউল ইসলাম (৬৬), সোবাহান ওরফে শুভ (৩০), মোঃ মাসাদুল ইসলাম স্বপন (৫০), মোঃ ইকবাল হোসেন (৫২), মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫), মোহাম্মদ রুবেল শেখ (৩৮), মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), ইদ্রিস আলম (৪২) ও মোঃ সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ মাসুদ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি, মুছা আহমদ খান মন্টু সাবেক এক ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী, ইকবাল হোসেন মোহনপুর থানা যুবলীগের সভাপতি, শহিদুজ্জামান মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র এবং ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। অন্যরা নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতরা ওই মামলার এজাহারভুক্ত আসামি।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।#
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"