০৯:৫৫ এম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাবে পরিণত হবে।
তিনি মঙ্গলবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের সব ধরনের সক্ষমতা রয়েছে, যা বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয়।
আরও পড়ুন: কলকাতায় অমিত শাহ, শপথের তোড়জোড় পশ্চিমবঙ্গে
তিনি বলেন, এই দেশ (বাংলাদেশ) হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের রিসোর্স, মেধা, প্রোগ্রাম এবং ইচ্ছা রয়েছে। একসাথে কাজ করতে হবে এটি বাস্তবায়নের জন্য।
শিক্ষামন্ত্রী আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
‘মাত্র ১৬ দিনে শিক্ষা মন্ত্রণালয়ে যে কাজ হয়েছিল, তা ১৬ বছরেও করা কঠিন’ বলেও মন্তব্য করেন তিনি।
এহছানুল হক মিলন জানান, দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষা উন্নয়নে গভীর আগ্রহী ছিলেন এবং তার শিক্ষাকে কেন্দ্র করে একটি সুদূরপ্রসারী স্বপ্ন ছিল। বর্তমান প্রধানমন্ত্রীও শিক্ষা বিষয়ে সর্বাধিক গুরুত্ব প্রদান করেন। তিনটি বিষয়কে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন- শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা।
আরও পড়ুন: ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল
বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেছেন, বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আকৃষ্ট করার বিষয়েও কাজ চলছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একসময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করত এবং ভবিষ্যতে সেই সম্ভাবনা রয়েছে।
মন্ত্রী আরো বলেন, বিদেশে শিক্ষা গ্রহণ শেষে দেশে ফিরে অবদান রাখার প্রবণতাও বৃদ্ধি করতে হবে।
স্টেকহোল্ডারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, তাদের মতামত শোনা ছাড়া টেকসই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, স্কলারশিপ প্রদান এবং ট্রাস্টভিত্তিক পরিচালনার বিষয়গুলোও পর্যালোচনা হবে।
আরও পড়ুন: স্কুলে বুলিং ঠেকাতে ৯ বছর বয়সীদেরও বেত্রাঘাতের অনুমতি দিল সিঙ্গাপুর
এহছানুল হক মিলন বলেন, সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অঙ্গীকারবদ্ধ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে চায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সভাপতি মো. সবুর খান। চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: শান্ত-মুমিনুলের ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন