প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের সরকারি বাহিনী ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে হুথিদের বিরুদ্ধে। গত কয়েক ঘণ্টার মধ্যে বিমান হামলা, কামানের গোলাবর্ষণ, ড্রোন ও রকেট হামলা মিলিয়ে মোট ৬৬১টি অভিযান পরিচালনার দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী। এ অভিযানে হুথিদের ১৭৩ সদস্য নিহত বা আহত হয়েছেন। তাদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল মাজেদ আল-নুজাইলি।
তিনি জানান, পরিচালিত অভিযানের মধ্যে ১৫টি বিমান হামলা, ৫২৬টি কামানের গোলাবর্ষণ, ৫৩টি ড্রোন হামলা এবং রকেট লঞ্চারের মাধ্যমে ৬৭টি হামলা অন্তর্ভুক্ত রয়েছে।
সেনাবাহিনীর দাবি, এসব অভিযানে হুথিদের উন্নত কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং সামরিক অবস্থানগুলো ধ্বংস করা হয়েছে। সরকারি বাহিনী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ, পূর্বাঞ্চলের মারিব এবং উত্তরাঞ্চলের আল-জাওফ এলাকায় হুথি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষেও অংশ নিয়েছে।
তবে সেনাবাহিনীর এসব দাবির বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায়, ‘ডন অব ইয়েমেন’ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের লক্ষ্য অর্জনের পাশাপাশি বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গত ৫ অক্টোবর এ অভিযান শুরু হয়। প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হুথিদের নিয়ন্ত্রণমুক্ত করা এবং রাজধানী সানা পুনর্দখল করাই এ অভিযানের মূল লক্ষ্য।
গত জুলাই থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালির কাছের তাইজ প্রদেশে লড়াই বেড়েছে।
২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া আপেক্ষিক শান্তির অবসান ঘটিয়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে দেশটিতে। এর ফলে আগে থেকেই চলমান ভয়াবহ মানবিক সংকট আরও গভীর হচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে হুথি বিদ্রোহীরা ২০১৪ সাল থেকে রাজধানী সানা ও দেশের বেশ কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন