প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া এলাকায় পদ্মা নদীতে রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। একটি প্রভাবশালী মহল দিনের পর দিন শত শত ড্রেজার ব্যবহার করে নদীর তলদেশ থেকে পরিকল্পনাহীনভাবে বালু উত্তোলন করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। এর ফলে নদী তীরবর্তী কয়েক হাজার মানুষের বসতভিটা ও নদী রক্ষা বাঁধ নতুন করে নদী ভাঙনের হুমকির মুখে পড়েছে।
গত ২ সেপ্টেম্বর, নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছ বাজার সংলগ্ন পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধে ফাটল ধরার পরের দিন ভোরে বাঁধের ৫০ মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়দের মতে, নদীর তীর ঘেঁষে প্রচণ্ড স্রোত ও নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই ভাঙন ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের নজর এড়িয়ে নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়াসহ বিভিন্ন স্থানে পদ্মা নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী গোষ্ঠী। প্রায় অর্ধশত স্থানে নদীর তলদেশ থেকে পরিকল্পনাহীনভাবে শত শত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, যার ফলে নদী ভাঙনের শঙ্কায় দিন কাটাচ্ছেন পদ্মা পাড়ের হাজার হাজার অসহায় মানুষ। স্থানীয় বাসিন্দা আব্দুল আউয়াল চকিদার এবং বাঁশতলা এলাকার কাশেম সিদ্দিক জানান, নদীতে স্পিডবোটের সাহায্যে নিজেদের ক্যাডার বাহিনীর পাহারায় রাতের বেলায় অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। স্থানীয়দের আশঙ্কা, যদি দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ না করা হয়, তাহলে ভয়াবহ নদী ভাঙন আবার শুরু হবে। সুরেশ্বরের আয়না বিবি বলেন, "নদী থেকে বালু উত্তোলনের ফলে আমরা নদী ভাঙনের শঙ্কায় দিন কাটাচ্ছি।"
ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল ডা. মাহমুদ হোসাইন বকাউল জানান, নদীতে তীব্র স্রোত ও নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলেই নদী ভাঙন দেখা দিয়েছে। তিনি প্রশাসনের কাছে অনতিবিলম্বে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান।
শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. মিলটন হোসেন বলেন, “রাতের আঁধারে যারা বালু উত্তোলন করে, তারা একটি দুষ্টচক্র। তারা নদীর তীরের কাছ থেকেই বালু উত্তোলন করে, যা নদী ভাঙনের আশঙ্কা তৈরি করে।"
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, “বিষয়টি নিয়ে আমরা গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করেছি। রাতে আমাদের মোবাইল টিম পরিচালনার অনুমতি নেই। তাই দিনের বেলায় বাল্কহেডের সঙ্গে ট্র্যাকার লাগিয়ে দেওয়া হবে। এরপর রাতে সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন