প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে নারীদের উন্নত চিকিৎসার জন্য শুধু ১ হাজার ৫০০ শয্যার ২টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এছাড়াও, দেশের বিভিন্ন স্থানে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৮০ হাজারকেই নারী স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিটসহ দেশের ১০টি জেলার সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট ভার্চুয়ালি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য খাতে সরকার বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘এই পরিকল্পনার আওতায় দেশে ২০টি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। এর মধ্যে নারীদের জন্য ১ হাজার ৫০০ শয্যার ২টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ হবে। বাকি ১৮টি হাসপাতাল হবে ১ হাজার শয্যার। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার চিকিৎসা, পঙ্গুত্ব পুনর্বাসন, মাতৃসেবা ও সাধারণ চিকিৎসার সুবিধা থাকবে।’
স্বাস্থ্য মন্ত্রী জানান, প্রতিটি হাসপাতালের জন্য পাঁচটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হবে এবং জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টারও প্রদান করা হবে। মানুষের জীবনযাত্রায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রী। এর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন।
এর পূর্বে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে পরিদর্শনকালে রান্নাঘরসহ হাসপাতালের ময়লা আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে জেলা সিভিল সার্জনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্ন না হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কঠোর হুঁশিয়ারি দেন। এ বিষয়ে তদারকি করার জন্য জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যকে দায়িত্ব দেন তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন