প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন, যা এশিয়ার নোবেল হিসেবে পরিচিত। ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ২০২৬ সালের ৬৮তম এই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয়। পুরস্কারটি ফ্রিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের নাতি ফ্রান্সিসকো ম্যাগসাইসাই প্রদান করেন।
রুনা খান ১১ নভেম্বর অনুষ্ঠিত এক পাবলিক লেকচারে তাঁর কর্মজীবন, অগ্রযাত্রা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। জনসেবামূলক কাজ ও সমাজে ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার জন্য র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ডকে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে গণ্য করা হয়। তিনি ১৪তম বাংলাদেশি যিনি এই পুরস্কার লাভ করেন। ১৯৫৮ সালে সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের স্মরণে এই পুরস্কার প্রতিষ্ঠিত হয়। সাহস, সততা, জনসেবা এবং মানব উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে ২৪টি দেশ ও অঞ্চলের ৩৫৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
পুরস্কার গ্রহণের পর রুনা খান বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমি র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করছি। এ স্বীকৃতি আমি সেইসব প্রান্তিক মানুষের পক্ষ থেকে গ্রহণ করেছি, যারা আমাদের তাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের ভাগ্য উন্নয়নে সফলভাবে এগিয়ে যেতে সহযোগিতা করেছে ফ্রেন্ডশিপ পরিবার। ফ্রেন্ডশিপের মাঠপর্যায়ের সহযোদ্ধাদের নিরলস চেষ্টার ফলে আজ এমন সম্মানজনক পুরস্কার অর্জন সম্ভব হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমার বিশ্বাস, মৌলিক সুযোগ-সুবিধা কেবল ব্যক্তিগত ভোগের বিষয় নয়; বরং তা অন্যদের পাশে দাঁড়ানোর দায়িত্ব ও সুযোগ। এ বিশ্বাস থেকেই আমরা এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রত্যেক মানুষ আশা, সুযোগ ও মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন।’
র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেন, ‘টমি কোহ, রুনা খান ও বো চির জীবনপথ ভিন্ন হলেও তাঁদের প্রত্যেকের জীবন আমাদের মনে করিয়ে দেয়, জীবনে আমরা যে সত্যের মুখোমুখি হই, তার পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত ও কাজই জীবনের প্রকৃত গতিপথ নির্ধারণ করে। তাঁরা কেউই ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেননি। বরং তাঁরা চারপাশের সমস্যাগুলো দেখেছেন, অন্যায়কে চিনতে পেরেছেন এবং উপলব্ধি করেছেন, এসব দেখে মুখ ফিরিয়ে থাকা তাঁদের পক্ষে সম্ভব নয়।’
ফ্রেন্ডশিপের মাধ্যমে দুই দশকের বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগণের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবন-জীবিকার সুযোগ এবং অন্যান্য মৌলিক সেবা পৌঁছে দিতে কাজ করছেন রুনা খান। মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় তাঁর সাহস, দূরদর্শিতা, সহমর্মিতা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
পুরস্কার প্রদানকারী সংস্থার মতে, দেশের সবচেয়ে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে রুনা খানের নিরলস প্রচেষ্টা এবং তাঁদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দর্শন ও মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবেই তাঁকে ২০২৬ সালের ৬৮তম র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
রুনা খানের সামাজিক ও মানবিক কাজের সূচনা ১৯৯৭ সালে। সে সময় দেশের দুর্গম চরাঞ্চল ঘুরে নদীভাঙন, বন্যা ও বারবার বাস্তুচ্যুতির কারণে মানুষের অসহায় জীবনযাপন প্রত্যক্ষ করেন তিনি। যমুনা-ব্রহ্মপুত্রের চরাঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা তাঁকে ভাবিয়ে তোলে। দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার তাগিদ থেকে ২০০২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডশিপ।
শুরুতে ভাসমান হাসপাতালের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের উদ্যোগ নেয় সংস্থাটি। দুই দশকের বেশি সময়ের পথচলায় ফ্রেন্ডশিপ এখন একটি সমন্বিত সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু অভিযোজন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক নাগরিক সেবা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে সংস্থাটি। বর্তমানে এর কার্যক্রমের আওতায় প্রতিবছর প্রায় ৭৫ লাখ মানুষ সেবা ও সহায়তা পাচ্ছেন।
সমন্বিত উন্নয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগ
ফ্রেন্ডশিপের সমন্বিত উন্নয়ন দর্শনের প্রতিফলন সংস্থাটির উদ্ভাবিত ‘ইন্টিগ্রেটেড ক্লাইমেট অ্যাডাপটেশন সলিউশন’ (আইকাস)। এ পদ্ধতিতে জলবায়ু, স্বাস্থ্য, আর্থসামাজিক অবস্থা ও ভৌগোলিক প্রতিবন্ধকতাকে পরস্পর সম্পর্কযুক্ত বিষয় হিসেবে বিবেচনা করা হয়। ফলে উন্নয়ন কার্যক্রমও পরিচালিত হয় সমন্বিতভাবে।
জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) সামনে রেখে স্থানীয় জনগণের অংশগ্রহণে প্রকৃতিনির্ভর ও দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন সৃষ্টিকারী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে ফ্রেন্ডশিপ। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট জনগণের প্রয়োজন ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়।
রুনা খানের নেতৃত্বে গড়ে ওঠা এ উন্নয়ন মডেল আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছে। ২০২৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী উদ্যোগের জন্য ‘ফিক্স দ্য ক্লাইমেট’ বিভাগে মর্যাদাপূর্ণ আর্থশট পুরস্কার অর্জন করে ফ্রেন্ডশিপ। এ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে সংস্থাটি প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন