প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া প্রচারণা চালিয়ে সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটি এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, ভারতের উগ্রবাদী সংগঠন ও নেতাদের এমন কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।
এক বিবৃতিতে এনসিপি জানায়, সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।’ তিনি আরও বলেছেন, ‘শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবে।’ পাশাপাশি বাংলাদেশের গণঅভ্যুত্থানকে বিদেশি শক্তির ষড়যন্ত্র এবং দেশের নির্বাচিত সরকারকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন।
বিবৃতিতে বলা হয়, ভারতের রাষ্ট্রীয় পর্যায়ের ‘গ্রিন সিগন্যাল’ বা প্রত্যক্ষ মদদ পেয়েই ওই বিধায়ক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়ার সাহস দেখিয়েছেন বলে মনে করে এনসিপি।
দলটির অভিযোগ, পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে তা ভারতের কাছে তুলে ধরছে। এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড এবং ভারতীয় নেতাদের উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের মুক্তিকামী ও সার্বভৌমত্বকামী জনগণ অতীতের মতো ঐক্যবদ্ধভাবে সব ধরনের বহিরাগত হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করবে।
এনসিপি সরকারের কাছে দাবি জানিয়েছে, এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলে ভারতের হস্তক্ষেপমূলক ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতার বিষয়টি তুলে ধরতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন