প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, মাদ্রাসা নিয়ে বর্তমানে হাজারো অবহেলা, অবজ্ঞা ও ষড়যন্ত্র চলছে। তিনি উল্লেখ করেন, সরকারি আলিয়া মাদ্রাসাগুলো এখন ভূতুড়ে মরুভূমিতে পরিণত হয়েছে। এমপিওভুক্ত মাদ্রাসাগুলোর অবস্থা ও ভালো নয়। সিলেবাস সংকুচিত করা হয়েছে এবং বর্তমানে আবার কায়দা করে মাদ্রাসাকে স্কুলে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র যারা করছে, তারা কি আমাজনের জঙ্গল থেকে এসে করছে? তিনি বলেন, না, এই দেশের মানুষেরাই, সন্তানেরাই করছে। যখন তারা মাদ্রাসার অঙ্গনে কোনো অনুষ্ঠানে যান, তখন মনে হয় যেন তারাই সর্বোত্তম মুমিন মুসলমান। কিন্তু যখন মাদ্রাসার ব্যাপারে পলিসি নির্ধারণ করেন, তখন এর সঙ্গে মিল খুঁজে পাওয়া কঠিন।
জামায়াত আমির বলেন, মাদ্রাসাকে অবহেলা-অবজ্ঞা করা কিংবা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করা ব্যক্তিরা আখেরাতে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করবেন। তিনি নিশ্চিত যে, দুনিয়ায়ও আল্লাহ তাআলা তাদের সম্মানের জায়গায় রাখবেন না। কারণ, তারা সমাজের উন্নতি চান না। তারা চান, শিক্ষিত হয়ে কিছু লুটেরা তৈরি হবে, যারা দেশটাকে লুটেপুটে খাবে। চুরি, চাঁদাবাজি, দখলবাণিজ্য করবে এবং দেশের টাকা বিদেশে পাচার করবে। তাদের আত্মীয় ও সন্তান-সন্ততি সব বিদেশে পাঠিয়ে দেবে।
সমাজের এই ধারণা পরিবর্তনের জন্য কোরআনের শাসন ও চর্চা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, কোরআনের শিক্ষাকে যত বেশি বিকশিত করা হবে, সমাজ তত বেশি উপকৃত হবে।
মাদ্রাসাশিক্ষা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা এখন সিভিল প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যসেবা, কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্ত হয়ে প্রতিযোগিতায় এগিয়ে আছেন। মেধাবী এই শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানেও ভালো করবেন। তিনি উল্লেখ করেন, মাদ্রাসায় নৈতিক ও আখলাকি শিক্ষা দেওয়া হয়, ফলে তারা মেধাবী হওয়ার পাশাপাশি সৎ মানুষ হিসেবেও গড়ে ওঠেন।
মেধা ও চরিত্র উপেক্ষিত হলে সমাজ জঙ্গলে পরিণত হয়, এমন মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ আজ এমন সংকটেই ভুগছে। তাই মাদ্রাসাশিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও নৈতিক ও ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিয়ে দেশপ্রেমিক নাগরিক তৈরির পরিকল্পনা নেওয়ার দাবি জানান তিনি।
এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, অধ্যাপক কামাল উদ্দীন আবদুল্লাহ জাফরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, সংসদ সদস্য মো. সালাহউদ্দিন আইয়ুবী প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন