প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলমান বিশ্বকাপ উন্মাদনার মাঝে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে, গাজীপুরে বিতরণ করা হয়েছে ৬০০টি ফুটবল।
জেলার প্রায় ৩৫০টি স্কুল, মাদ্রাসা ও কলেজে এসব ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছে গাজীপুর জেলা পরিষদ।
সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আজাহার মণ্ডল, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার ও বিএনপি নেতা আব্দুল মোতালেবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেছেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং এটি একটি সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গঠনের অন্যতম হাতিয়ার। বর্তমান রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা ও অনুপ্রেরণায় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
প্রধান অতিথি ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেছেন, ‘আমার দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাস ২৪ দিনের মধ্যে আমরা ৫০০টিরও বেশি উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে সক্ষম হয়েছি। গাজীপুরের মানুষের সেবক হিসেবে, আমরা দায়িত্ব পালন করতে চাই। জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।’
তিনি আরও উল্লেখ করেছেন, ‘আমরা ভুল-ত্রুটির ঊর্ধ্বে নই। কোথাও কোনো ভুল হলে তা ধরিয়ে দেবেন এবং সংশোধনের সুযোগ দেবেন। গাজীপুরের উন্নয়ন ও জনগণের সেবায় সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।’
ক্রীড়াসামগ্রী পেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়াচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
জেলা পরিষদের এ উদ্যোগকে স্থানীয়রাও সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, খেলাধুলার প্রসার ঘটলে তরুণ সমাজ ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে এবং একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন