প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিল ও জাপানের মধ্যে হাইভোল্টেজ মহারণের বাকি রয়েছে আর মাত্র কয়েক ঘণ্টা। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রাক্কালে রোববার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সেলেসাওদের রুখে দেওয়ার পরিকল্পনা স্পষ্ট করেছেন ‘ব্লু সামুরাইদের’ কোচ হাজিমে মোরিয়াসু।
জাপানের কোচ বিশ্বাস করেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে আরও একটি রূপকথা লেখা সম্ভব। মাঠের লড়াইয়ে ব্রাজিলকে এক চুলও ছাড় না দেওয়ার ওপেন চ্যালেঞ্জও তিনি দিলে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, ‘আমরা ইতিমধ্যে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলেছি এবং আমাদের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পেয়েছি। এটি আসলে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ারই একটি অংশ। সত্যি বলতে, আসল বিশ্বকাপ তো শুরু হচ্ছে এখন থেকেই। দল এখন পর্যন্ত দারুণ ফুটবল খেলেছে, যদিও ম্যাচগুলো বেশ কঠিন ছিল।’
ব্রাজিলকে যথেষ্ট সম্মান জানালেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জাপান কোচ। তিনি যোগ করেন, ‘সামনে আমাদের জন্য অত্যন্ত কঠিন এক প্রতিপক্ষ অপেক্ষা করছে। এই ম্যাচে জয় তুলে নিতে হলে আমাদের নিজেদের সেরা ফুটবলটাই খেলতে হবে। একই সঙ্গে আমরা মাঠে আমাদের দলের উন্নতির গ্রাফটাও ফুটিয়ে তুলতে চাই। ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে, তবে আমরা তাদের ছেড়ে কথা বলব না; মাঠের লড়াইয়ে তাদের সর্বোচ্চ চ্যালেঞ্জ জানাতে আমরা প্রস্তুত।’
জাপান গ্রুপ 'এফ' থেকে রানার্স-আপ হয়ে নকআউট পর্বের টিকিট পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলে ড্র করার পর, দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ ব্যবধানে পরাজিত করে। আর শেষ ম্যাচে সুইডেনের সাথে ১-১ গোলের ড্র করে শেষ বত্রিশ নিশ্চিত করে এশিয়ান পরাশক্তিরা।
সংবাদ সম্মেলনে জাপানের কোচ ব্রাজিলকে গত বছর হারানোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘গত বছর আমরা ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিলাম এবং সেই ম্যাচে জয়লাভ করেছিলাম। সেটাই ছিল তাদের সাথে আমাদের শেষ দেখা। তবে বিশ্বকাপের ইতিহাস ঘাটলে দেখা যাবে, বিশ্বমঞ্চে ব্রাজিলের বিরুদ্ধে আমরা কখনোই জিততে পারিনি। তবে এখন আমাদের দলের অনেক উন্নতি হয়েছে।’
মোরিয়াসু বলেন, ‘গত বছরের সেই জয়ের কারণে এই ম্যাচ নিয়ে আমাদের ওপর চাপ ও দাবি বৃদ্ধি পেয়েছে। তবে ওই প্রীতি ম্যাচের ব্রাজিলের সাথে এছাড়া বর্তমান ব্রাজিলের মধ্যে অনেক তফাত রয়েছে। তারা যেমন অনুপ্রাণিত, আমরাও তেমনই। দুই দলই জয় ছাড়া কিছু ভাবছে না। আমার ধারণা, মাঠের লড়াইটা আজ চরম উত্তেজনাকর হবে। আমাদের বিশ্বাস রয়েছে যে আমরা জিততে পারি, যা প্রীতি ম্যাচে প্রমাণিত হয়েছে। তবে ২৯ জুনের ম্যাচটা অনেক বেশি কঠিন হবে। এবং জয় নিশ্চিত করতে হলে আমাদের দলের শতভাগ দিতে হবে।’
বিশ্বকাপ জয়ের ব্যাপারে সংশ্লিষ্ট আত্মবিশ্বাসের কথা জানিয়ে মোরিয়াসু আরও জানান, ‘অনেকে হয়তো ভাবছেন আমরা কেবল ভালো খেলার জন্য খেলার চেষ্টা করছি, কিন্তু আমাদের মনে মনে দৃঢ় বিশ্বাস আছে যে আমরা এই বিশ্বকাপ জিততে পারি। অবশ্যই প্রতিপক্ষ যখন ব্রাজিল—যারা বিশ্ব র্যাঙ্কিংয়ের অন্যতম শীর্ষ দল—তখন অনেকের কাছে আমরা আন্ডারডগ হিসেবে গণ্য হব। আমরা প্রতিপক্ষকে সম্মান জানিয়ে মাঠে নামবো, তবে গত বছরের জয়কে সামনে রেখে এবারও জেতার পূর্ণ বিশ্বাস নিয়েই লড়বো। মানুষ যেন আমাদের এমন একটি দল হিসেবে দেখে, যারা বিশ্বসেরাদের হারানোর সামর্থ্য রাখে—এটি খুবই জরুরি।’
ডু অর ডাই ম্যাচের আগে জাপানি শিবিরে বড় ধাক্কার খবর নিশ্চিত করেছেন মোরিয়াসু। দলের অন্যতম তারকা তাকেফুসা কুবো এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ থেকে বাদ পড়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ডান প্রান্তের এই উইঙ্গার চোট পেয়ে ছিলেন।
কুবোর বর্তমান অবস্থা নিয়ে কোচ জানান, ‘ও দলের সঙ্গে মূল অনুশীলনে অংশ নিতে পারেনি, কেবল একা একা কিছুটা রানিং করেছে। ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচে ও খেলছে না। আমরা আশা করছি ও দ্রুত সেরে উঠবে এবং মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন