প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে তেলুগু চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।
গিরি বাবু পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ৬ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। কখনো খলনায়ক, কখনো কৌতুকাভিনেতা, আবার কখনো গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন।
১৯৪৬ সালের ৮ জুন অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রাভিনুথালা গ্রামে গিরি বাবুর জন্ম। তার আসল নাম ইয়েরা শেষাগিরি রাও। ছোটবেলা থেকেই তার অভিনয় ও নাটকের প্রতি আগ্রহ ছিল। ১৯৭৩ সালে ‘জাগমে মায়া’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন। প্রথমদিকে নায়কের চরিত্রে অভিনয় করলেও পরে খলনায়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি পরিচিতি পান।
১৯৭৭ সালে মুক্তি পাওয়া পৌরাণিক সিনেমা ‘কুরুক্ষেত্রম’-এ তার অভিনয় বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। এছাড়া ‘জ্যোতি’, ‘পাসিভাদি প্রণাম’, ‘হ্যালো ব্রাদার’, ‘সিসিন্দ্রি’, ‘লিটল সোলজার্স’ ও ‘নিনে পেলাডেটা’ তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে। নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গেও তিনি কাজ করেছেন। ‘গামিম’, ‘গীতা গোবিন্দম’, ‘জাতি রত্নালু’ ও ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর মতো সিনেমায়ও তাকে দেখা গেছে।
অভিনয়ের পাশাপাশি গিরি বাবু পরিচালনায়ও যুক্ত ছিলেন। তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘রানারিঙ্গম’, ‘ইন্দ্রজিৎ’ ও ‘নী সুখামে নে কোরুথুন্না’। তিনি কিছু সিনেমা প্রযোজনাও করেছেন।
ব্যক্তিগত জীবনে গিরি বাবু শ্রীদেবীকে বিয়ে করেছিলেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে রঘু বাবু তেলুগু চলচ্চিত্রের পরিচিত কৌতুকাভিনেতা। ছোট ছেলে বোস বাবুও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। ২০১৬ সালে তার স্ত্রী শ্রীদেবী মারা যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন