প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ইউনাইটেড ফিলিং স্টেশনে একটি তালাবন্ধ কালো ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক তৈরি হয়েছিল যা এখন অবসান ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করে যে, উক্ত ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।
পুলিশ ও ডিসেম্বর সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) আনুমানিক ৬টার সময় ইউনাইটেড ফিলিং স্টেশন কর্তৃপক্ষ চত্বরের একপাশে তালাবন্ধ একটি কালো ব্যাগ পড়ে থাকতে দেখে সোনারগাঁও থানা পুলিশকে অবহিত করে। সংবাদ পেয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব গোলাম সারোয়ার এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
ঘটনাস্থলের সিসিটিভি (CCTV) ফুটেজের বিশ্লেষণ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, এক অজ্ঞাতনামা পুরুষ ও এক নারী সিএনজিচালিত রিকশায় এসে ফিলিং স্টেশনের এক কোণে ব্যাগটি রেখে পুনরায় সেই সিএনজিতে উঠে চলে যায়।
মহাসড়কের পাশে স্পর্শকাতর স্থানে ব্যাগটি থাকায় নিরাপত্তা ঝুঁকির বিষয়টি মাথায় রেখে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কাছে খবর পাঠানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে দ্রুত তলব করা হয়।
রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ডিএমপির পুলিশ পরিদর্শক মো. মোদাচ্ছিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্যে স্ক্যানিং করে তারা নিশ্চিত হন যে ব্যাগটিতে কোনো বিস্ফোরক দ্রব্য নেই।
পরে ব্যাগটি খুলে তল্লাশি চালিয়ে মোছা. রেখা বেগম ও মো. মোশারফ সরকার নামের দুই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (NID), একটি ই-ড্রাইভিং লাইসেন্স, নারীদের ব্যবহৃত পোশাক, একটি ভ্যানিটি ব্যাগ এবং সমিতির কিস্তি জমার বই উদ্ধার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকাভুক্ত করেছে।
সোনারগাঁও থানার ওসি জনাব গোলাম সারোয়ার এ বিষয়ে জানান যে, ফিলিং স্টেশনের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ব্যাগটি পরীক্ষা করা হয়েছিল। সিরাজগঞ্জের ওই দম্পতি কী উদ্দেশ্য কিংবা ভুলবশত ব্যাগটি সেখানে ফেলে গেছে কি না, তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন